নতুন সিইসির কথার কোনো গ্যারান্টি নেই: রিজভী
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১ মার্চ ২০২২ । আপডেট ১৮:৪০
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নতুন সিইসির কথার কোনো গ্যারান্টি নেই। সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলে অনিয়ম আর কেউ কিছু করতে পারবে না- সিইসি কাজী হাবিবুল আউয়ালের এরকম বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
মঙ্গলবার (১ মার্চ) জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা-জাসাসের ঢাকা মহানগরের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে নিয়ে শেরে বাংলানগর দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণ করেন রিজভী। জাসাসের আহ্বায়ক হেলাল খানসহ কেন্দ্রীয় নেতারাও সে সময় উপস্থিত ছিলেন।
রিজভী বলেন, আপনার আগের কমিশনও তাই বলেছেন। তারপরে উনি কী নির্লজ্জভাবে সরকারের প্রতিটি কর্মসূচি, প্রতিটি এজেন্ডা বাস্তবায়ন করেছে, নির্লজ্জভাবে দিনের ভোট কেড়ে নিয়ে রাত্রে নিয়ে গেছেন, একচেটিয়া, একতরফাভাবে সেই নির্বাচন করেছেন। তার (কাজী হাবিবুল আউয়াল) কথার কোনো গ্যারান্টি নেই। অতীতে তার যে কর্মকাণ্ড, তিনি তো এই সরকার দ্বারা পুরস্কৃত হয়েছেন।
রিজভী আরও বলেন, যে কথা গতকালকেও আমি বলেছি যে, মধুর তোমার শেষ যে না পাই … রবীন্দ্র সংগীত। এত মধুর হাঁড়ি সরকারের কাছ থেকে তিনি পেয়েছেন, তাকে দিয়ে এত কাজ করিয়েছেন যে, জনগণ বিশ্বাস করে না তিনি (কাজী হাবিবুল আউয়াল) একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন। কারণ তার মাথার উপর তো শেখ হাসিনা আছেন।
তার ভাষায়, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আজকে গোটা দেশের জনগণ সোচ্চার, এই দাবিতে আন্দোলনে সারাদেশের মানুষ রাজপথে বেরিয়ে আসবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন অবাধ ও স্বচ্ছ হবে বলে সকলে বিশ্বাস করে; দেশের মানুষ বিশ্বাস করে, আন্তর্জাতিক সম্প্রদায় বিশ্বাস করে।
ইউডি/সুপ্ত

