বাজারের কারসাজি রোধে সজাগ রয়েছে সরকার : হানিফ
উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ১৭:৫০
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন বাজার নিয়ে কেউ যাতে কোন কারসাজি করতে না পারে, এ ব্যাপারে সরকার সজাগ রয়েছে। রবিবার (৬ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতাদের সঙ্গে এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের নেতাদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
তিনি বলেন, আন্তর্জাতিক কারণেই দ্রব্যমূল্য কিছুটা বেশি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ নিয়েছে। কেউ যেন বাজার নিয়ে কোন কারসাজি করতে না পারে, এ ব্যাপারে সরকার সজাগ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দ্রব্যমূল্য ইস্যুতে বিভ্রান্তিকর ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছে বিএনপি। বিএনপি অহেতুক রাজনৈতিক বক্তব্য দিচ্ছে। সবকিছুতেই সরকারের সমালোচনা করা বিএনপির রাজনৈতিক স্ট্যান্টবাজি উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
ইউডি/সুপ্ত

