জাদেজার কীর্তি: ৫০ বছরেও হয়নি এমন

জাদেজার কীর্তি: ৫০ বছরেও হয়নি এমন

উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ১৮:১০

শ্রীলঙ্কার বিপক্ষে মোহালি টেস্টে নতুন করে ইতিহাস লিখলেন ইন্ডিয়ার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। এই টেস্টে তার ব্যাট হাতে ১৭৫ রান ও বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার নতুন কীর্তির জন্ম দিলো। যা গত ৫০ বছরেও হয় নি।

সবশেষ এই কীর্তি গড়েছিলেন পাকিস্তানের মুশতাক মুহাম্মদ। ১৯৭৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে প্রথম ইনিংসে ২০১ রান করেছিলেন তিনি। পরে ম্যাচের শেষ ইনিংসে লেগ স্পিনে ৪৯ রান দিয়ে নেন ৫ উইকেট। দীর্ঘ অপেক্ষার পর ক্রিকেট বিশ্ব আবারও এমন অলরাউন্ড পারফরম্যান্স দেখল জাদেজার সৌজন্যে। শ্রীলঙ্কার বিপক্ষে তার অসামান্য ইনিংসটি ইন্ডিয়ার ক্রিকেটেও নতুন এক রেকর্ড।

সাত নম্বরে নেমে ২২৮ বলে ১৭ চার ও ৩ ছক্কায় ১৭৫ রান করেন তিনি। এই পজিশন বা এর নিচে ব্যাটিং করে এত বড় ইনিংস নেই ইন্ডিয়ার আর কারো। ম্যাচের দ্বিতীয় দিন শনিবার বল হাতে নিজের দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন জাদেজা। রবিবার নেন আরও চারটি। তাতে ১৭৪ রানে গুঁড়িয়ে ফলো অনে পড়ে শ্রীলঙ্কা। ৪১ রানে ক্যারিয়ারে দশম ৫ উইকেট নিয়ে দারুণ ওই কীর্তি গড়েন বাঁহাতি এই স্পিনার।

এক ম্যাচে দেড়শ ছাড়ানো ইনিংস ও পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্বটি সবার প্রথমে গড়েন ইন্ডিয়ার বিনোদ মানকাড। ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৮৪ রানের ইনিংস খেলার পর ১৯৬ রানে তিনি নিয়েছিলেন পাঁচ উইকেট। এই তালিকায় পরের তিন জন হলেন ওয়েস্ট ইন্ডিজের ডেনিস অ্যাটকিনসন, ইন্ডিয়ার পলি উমরিগার ও আরেক ক্যারিবিয়ান গ্যারি সোবার্স।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading