টাইগারদের উন্নতির জন্য কঠোর পরিশ্রম করবো: ম্যাকডারমট
উত্তরদক্ষিণ । রবিবার, ৬ মার্চ ২০২২ । আপডেট ২০:৩০
বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ শেন ম্যাকডারমট বলেছেন, বাংলাদেশের ফিল্ডিংয়ে উন্নতির জন্য কঠোর পরিশ্রম করবেন তিনি। টাইগারদের দায়িত্ব পাওয়ার পর এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর দিযে কাজ শুরু হবে ম্যাকডারমটের। থাকবেন আগামী বছরের নভেম্বর পর্যন্ত।
ম্যাকডারমট বলেন, আমি নিশ্চিত করার চেষ্টা করব, যেন ফিল্ডিং ইউনিট হিসেবে মাঠে আমরা সব সময় আমাদের সেরা চেষ্টাটা করার। আমরা জানি, কখনও কখনও ফিল্ডিং ম্যাচ জেতাতে কিংবা হারাতে পারে। আমার লক্ষ্য হবে হারার চেয়ে বেশি জেতা। আমি দলে যোগ দেওয়ার জন্য সাগ্রহে অপেক্ষা করছি।
আগেও জাতীয় দলের ফিল্ডিং নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকায় ইতিবাচক ছাপ রাখার ব্যাপারে আশাবাদী ৪১ বছর বয়সী এই অস্ট্রেলিয়ানের। তিনি বলেন, ২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত যেখানে অ্যাকাডেমি, জাতীয় দল ও বাংলাদেশ ‘এ’ দলে কঠোর পরিশ্রম করেছি, সেখানে আবার ফেরাটা হবে দারুণ। সাকিব, মুশফিক, তামিম, মাহমুদউল্লাহসহ ছেলেদের সঙ্গে আবার কাজ করব। অসাধারণ একটি কোচিং স্টাফ গ্রুপের সঙ্গে কাজ করাটা হবে রোমাঞ্চকর। সেখানে রাসেল ডমিঙ্গো, অ্যালান ডোনাল্ড আছেন।
প্রসঙ্গত, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে বাংলাদেশের ১১ ক্যাচ মিসের ব্যর্থতায় ‘বিদায়’ নেন রায়ান কুক।
ইউডি/সুপ্ত

