২১শে আগস্টের দানবীয় সন্ত্রাস: টার্গেট শেখ হাসিনা

২১শে আগস্টের দানবীয় সন্ত্রাস: টার্গেট শেখ হাসিনা
উত্তরদক্ষিণ । ২১ আগস্ট ২০২২

উত্তরদক্ষিণ । রবিবার, ২১ আগস্ট ২০২২ । আপডেট ১২:০৫

আজ রক্তাক্ত বিভীষিকাময় ২১ আগস্ট। বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের এই দিনে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী শান্তিপূর্ণ সমাবেশে নজিরবিহীন গ্রেনেড হামলা চালানো হয়। বাংলাদেশের ইতিহাসে ২১ আগস্ট একটি নৃশংসতম হত্যাযজ্ঞের ভয়াল এক দিন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট যা সম্পূর্ণ হয়নি, তাই করতে চেয়েছিল ঘাতকচক্র ২০০৪ সালের ২১ আগস্ট। তাদের টার্গেট ছিল শেখ হাসিনা। সরকারি পৃষ্ঠপোষকতায় শুধুমাত্র প্রতিহিংসার কারণে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নির্মূল করার এমন পাশবিক ঘটনা সমকালীন রাজনীতিতে বিরল। হিংসার দানবীয় সন্ত্রাস এদিন আক্রান্ত করে মানবতা। বিস্তারিত লিখেছেন বিনয় দাস

স্বাধীন বাংলাদেশে আগস্ট মাসে শোকের যেন শেষ নেই। ১৯৭৫ সালের আগস্টের ১৫ তারিখ স্বাধীনতাবিরোধী ঘাতকচক্রের হাতে অকালে জীবন দিতে হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। আর ২০০৪ সালের এই মাসেরই ২১ তারিখ পরিকল্পিতভাবে বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের জনসভা চলাকালীন ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালায়। ওই ঘটনায় দলীয় নেতাকর্মীরা মানববর্ম রচনা করে শেখ হাসিনাকে রক্ষা করলেও গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ মোট ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান। পরবর্তী সময়ে গ্রেনেড হামলার বিচারের রায়ে তৎকালীন ক্ষমতাসীন বিএনপি জোট সরকারের মন্ত্রী ও সরকারের কর্মকর্তাদের সম্পৃক্ততার প্রমাণ মিলে যে ওই সরকারের প্রত্যক্ষ মদতেই হামলাটি পরিচালিত হয়েছিল। আজ ইতিহাসের এই জঘন্যতম গ্রেনেড হামলার ১৮তম বার্ষিকীতে বাঙালি জাতি শ্রদ্ধাবনতচিত্তে হামলায় নিহতদের স্মরণ করবে। আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন দিনটি পালনে কর্মসূচি হাতে নিয়েছে।

বঙ্গবন্ধু এভিনিউ পরিণত হয় এক মৃত্যুপুরীতে: ২০০৪ সালের ২১ আগস্ট। ওই দিনটি ছিল শনিবার। বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে সন্ত্রাস ও বোমা হামলার বিরুদ্ধে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। হাজার হাজার মানুষের সমাগম ছিল বঙ্গবন্ধু এভিনিউয়ের চতুর্দিকে। সমাবেশ শেষে একটি সন্ত্রাসবিরোধী মিছিল হওয়ার কথা। তাই মঞ্চ নির্মাণ না করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি ট্রাককে মঞ্চ হিসেবে ব্যবহার করা হয়। বুলেটপ্রুফ মার্সিডিজ বেঞ্জে চেপে বিকেল ৫টার একটু আগে সমাবেশস্থলে পৌঁছান শেখ হাসিনা। সমাবেশে অন্য কেন্দ্রীয় নেতাদের বক্তৃতার পর শেখ হাসিনা বক্তব্য দিতে শুরু করেন। সময় তখন বিকেল ৫টা ২২ মিনিট। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলে শেখ হাসিনার বক্তৃতা শেষের মুহূর্তেই শুরু হলো নারকীয় ভয়াবহ গ্রেনেড হামলা। বিকট শব্দে বিস্ফোরিত হতে লাগল একের পর এক যুদ্ধে ব্যবহৃত আর্জেস গ্রেনেড। আর প্রাণবন্ত বঙ্গবন্ধু এভিনিউ মুহূর্তেই পরিণত হলো মৃত্যুপুরীতে। পরিকল্পিত হামলায় মৃত্যুর দুয়ার থেকে শেখ হাসিনা ফিরে এলেও ওইদিন মৃত্যুপুরীতে পরিণত হয় পুরো এলাকা। এই ভয়ঙ্কর গ্রেনেড হামলার পর সেদিন স্প্লিন্টারের আঘাতে ছিন্নভিন্ন হয়ে গিয়েছিলেন শত শত মানুষ। আকস্মিক মৃত্যু আর রক্তস্রোতে লন্ডভন্ড শান্তিপ্রিয় অসংখ্য মানুষের হাত-পা সহ মানবদেহের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে ছিল। কারও হাত নেই, কারও পা উড়ে গেছে। রক্তে ভিজে লাল হয়ে যায় পিচঢালা কালো পথ। অস্থায়ী সভামঞ্চ ট্রাকের চারপাশে রক্তের অনাহূত আল্পনা, শত শত মানুষের আর্তচিৎকার। বেঁচে থাকার জন্য, প্রাণ বাঁচানোর জন্য মুমূর্ষুদের আকৃতি, কাতর আর্তনাদসহ অবর্ণনীয় মর্মান্তিক সেই দৃশ্য।

অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা: সেদিন রাজধানীর প্রতিটি হাসপাতালে আহতদের তিল ধারণের জায়গা ছিল না। ভাগ্যগুণে নারকীয় গ্রেনেড হামলায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান শেখ হাসিনা। ঘাতকদের প্রধান লক্ষ্য শেখ হাসিনা বেঁচে গেছেন দেখে তার গাড়ি লক্ষ্য করে ১২ রাউন্ড গুলি করা হয়। তবে টার্গেট করা গুলি বঙ্গবন্ধুকন্যাকে বহনকারী বুলেটপ্রুফ গাড়ি ভেদ করতে পারেনি। হামলার পরপরই শেখ হাসিনাকে কর্ডন করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তার তৎকালীন বাসভবন ধানমন্ডির সুধা সদনে।

বারবার শেখ হাসিনা-ই কেন টার্গেট: ১৯৭৫ সালের ১৫ আগস্ট দেশের বাইরে থাকায় ঘাতকদের নির্মম হত্যাযজ্ঞ থেকে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু সেটাই যেন শেষ নয়। ওই ঘাতকক্রের বংশ পরম্পারা, দোসরা তাকে টার্গেট করেছে বারবার। স্বাধীন এই এই বাংলাদেশে বঙ্গবন্ধু কন্যাকে ১৯ বার হত্যার চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টার ঘটনাগুলো ১৯৮১ থেকে ২০০৮ সাল পর্যন্ত ব্যর্থ হিসেবে গণ্য। বরং তার জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হয়েছে। তবে ২০০৪ সালের ২১ আগস্টের পরিকল্পিত গ্রেনেড হামলা ছিল বিএনপি-জামাত জোট তথা খালেদা-নিজামীর নীল নকশা আর জঙ্গিবাদ উত্থানের ভয়ঙ্কর দৃষ্টান্ত। সে বারও প্রাণে বেঁচে যান বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বারবার তাকেই কেনো টার্গেট করা হচ্ছে-বিশ্লেষকরা বলছেন গণতন্ত্রকে বিদায় জানানোর বৃহৎ এক ষড়তন্ত্রই বটে। শেখ হাসিনা দেশ শাসন করলে সেখানে উন্নয়ন-অগ্রগতি দ্রুত ঘটে এবং এর রেশ বহুদিন পর্যন্ত থাকে। তাকে নিঃশেষ করতে পারলে একটি বৃহৎ দল ভেঙ্গে পড়ার উপক্রম হবে, সেক্ষেত্রে ঘাতকদের জন্য সবকিছুই সহজ হয়ে যাবে। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র একবারের জন্যও শেখ হাসিনা’কে তার লক্ষ্য থেকে বিচ্যুত করে নি। বরং আরও বৃহৎ শক্তি ও সাহস নিয়ে তিনি তার দল পরিচালনা করছেন এবং জাতির জনক বঙ্গবন্ধু তথা তার পিতার দেখানো পথে দেশ পরিচালনা করছেন। হাজারো বাধা অতিক্রম করে আজ বঙ্গবন্ধুর সোনার বাংলা তারই কন্যার হাত ধরে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। স্বাধীনতার ৫০ বছর পর সামাজিক, অর্থনৈতিকসহ সকল সূচকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। তার গড়া মডেলে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের তালিকায় নাম লেখানোর অঙ্গিকার করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।

গ্রেনেডের আঘাতে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন

প্রাণ দিতে হয়েছিল যাদের: ২১ আগস্টের রক্তাক্ত ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন ১৬ জন। পরে সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ২৪ জনে। রক্তাক্ত-বীভৎস ওই ভয়াল গ্রেনেড হামলায় আইভি রহমান ছাড়াও সেদিন নিহত হন ল্যান্স করপোরাল (অব.) মাহবুবুর রশীদ, হাসিনা মমতাজ রিনা, রিজিয়া বেগম, রফিকুল ইসলাম (আদা চাচা), রতন শিকদার, মোহাম্মদ হানিফ ওরফে মুক্তিযোদ্ধা হানিফ, মোশতাক আহমেদ, লিটন মুনশি, আবদুল কুদ্দুছ পাটোয়ারী, বিল্লাল হোসেন, আব্বাছ উদ্দিন শিকদার, আতিক সরকার, মামুন মৃধা, নাসির উদ্দিন, আবুল কাসেম, আবুল কালাম আজাদ, আবদুর রহিম, আমিনুল ইসলাম, জাহেদ আলী, মোতালেব ও সুফিয়া বেগম। গ্রেনেডের স্পিন্টারের সঙ্গে লড়াই করে ঢাকার মেয়র মোহাম্মদ হানিফসহ আরও কয়েকজন পরাজিত হন। হামলায় আওয়ামী লীগের চার শতাধিক নেতাকর্মী গুরুতর আহত হয়ে শরীরে স্পিন্টার নিয়ে আজও মানবেতর জীবনযাপন করছেন। আহত হয়েছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। এখনও অনেক নেতাকর্মী সেদিনের সেই গ্রেনেডের স্পিন্টারের মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছেন। অনেক নেতাকর্মীকে তাৎক্ষণিক দেশে-বিদেশে চিকিৎসা করালেও তারা এখন পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি।

তদন্ত নিয়ে টালবাহানা: বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে এ মামলার তদন্ত ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হয়েছিল শুরু থেকেই। ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তদন্ত শুরু হলে বেরিয়ে আসতে থাকে নানা তথ্য। ২০০৮ সালের জুনে বিএনপি সরকারের উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু, তার ভাই তাজউদ্দিন, জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ ২২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনে শুরু হয় অধিকতর তদন্ত। সিআইডির বিশেষ সুপার আব্দুল কাহার আকন্দ ২০১১ সালের ৩ জুলাই আসামির তালিকায় আরও ৩০ জনকে যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেন। সেখানে খালেদা জিয়ার ছেলে তারেক রহমানসহ চার দলীয় জোট সরকারের কয়েকজন মন্ত্রী ও বিএনপি-জামায়াতের নেতাদের নাম আসে। বিএনপি-জামায়াত জোট সরকারের নেতারা তদন্তের শুরুতে এ হামলার জন্য আওয়ামী লীগকেই দায়ী করে বক্তব্য দিয়েছিলেন। প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা ওই হামলায় জড়িত বলেও সে সময় প্রচার চালানো হয়েছিল। কিন্তু সম্পূরক তদন্ত প্রতিবেদনে জানা যায়, বিএনপি-জামায়াত জোট হামলার পর থেকেই তদন্ত বাধাগ্রস্ত করতে কাজ শুরু করে। হামলার অনেক আলামত সে সময় নষ্ট করে ফেলা হয়। হামলার বিষয়ে নোয়াখালীর জজ মিয়ার ‘স্বীকারোক্তিমূলক জবানবন্দি’ দেওয়ার বিষয়টি যে নাটক ছিল, সেটাও তখনই বেরিয়ে আসে। হামলার ১৪ বছর পর ২০১৮ সালের অক্টোবরে ঢাকার দ্রুত বিচার টাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ মামলার রায় ঘোষণা করেন। বিএনপি-জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুতফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড দেন বিচারক। আর খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীসহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। এছাড়া ১১ পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদø দেন ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন। সব প্রক্রিয়া শেষে শিগগিরই হাই কোর্টে এ মামলার আপিল শুনানি শুরু হবে বলে রাষ্ট্রপক্ষ থেকে জানানো হয়েছে।

নষ্ট করা হয় রোমহর্ষক ঘটনার যাবতীয় আলামত: এদিকে গ্রেনেড হামলার পর ভয়, শঙ্কা ও ত্রাস গ্রাস করে ফেলে গোটা রাজধানীকে। এই গণহত্যার উত্তেজনা ও শোক আছড়ে পড়ে দেশ-বিদেশে। হামলার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজে বাঁচতে ও অন্যদের বাঁচাতে যখন ব্যস্ত হয়ে পড়েন, ঠিক তখনই পুলিশ বিক্ষোভ মিছিলের ওপর বেধড়ক লাঠি-টিয়ার শেল চার্জ করে। একইসঙ্গে নষ্ট করা হয় সেই রোমহর্ষক ঘটনার যাবতীয় আলামত। পরবর্তীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা ও প্রত্যক্ষ মদদে ওই ঘটনা ধামাচাপা দিতে ‘জজ মিয়া’ নাটক সাজায় বিএনপি-জামায়াত জোট সরকার।

উত্তরদক্ষিণ । ২১ আগস্ট ২০২২ । ১ম পৃষ্ঠা

পলাতক আসামিদের দ্রুত বিচারের আওতায় আনা হোক : বিশ্লেষকগণ বলছেন, দীর্ঘদিন পর রায় হলেও এখন তা কার্যকর করা যায়নি। তারেক রহমান সহ ১৮ জন আসামি এখনও পলাতক। বাবর ও পিন্টু সহ ২৩ জন কারাগারে এবং মুজাহিদ, মুফতি হান্নানসহ তিন জনের অন্য মামলায় মৃত্যুদণ্ড হয়েছে। গ্রেনেড হামলা মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারক শাহেদ নূর উদ্দিন যথার্থই বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার মত ঘটনার পুনরাবৃত্তি দেশবাসী আর চায় না। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে নৃশংস হামলার পুনরাবৃত্তি ঠেকানো সম্ভব। ২১ আগস্ট হত্যা মামলার পলাতক সকল আসামিকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে এবং তাদের বিচারের রায় কার্যকর করতে হবে। এটাই এখন সময়ের দাবি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading