বৃহত্তর আন্দোলন: বিএনপির সঙ্গে কল্যাণ পার্টির ঐকমত্য

বৃহত্তর আন্দোলন: বিএনপির সঙ্গে কল্যাণ পার্টির ঐকমত্য

উত্তরদক্ষিণ । রবিবার, ০২ অক্টোবর ২০২২ । আপডেট ১৯:০০

সরকার পতনে যুগপৎ আন্দোলন করতে বিএনপির সঙ্গে ঐকমত্য হয়েছে বাংলাদেশ কল্যাণ পার্টি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলন কর্মসূচি ও বৃহত্তর আন্দোলনে যেতে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে আমাদের ঐকমত্য হয়েছে।

রবিবার (২ অক্টোবর ) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কল্যাণ পার্টির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম বলেন, নির্দলীয় সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নিশ্চিত করা, নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন, বিএনপির চেয়ারপারসনের মুক্তিসহ নেতাকর্মীদের মুক্তির আন্দোলনের বিষয়েও আমরা একমত হয়েছি। একইসঙ্গে সরকার পতনের যুগপৎ আন্দোলন বেগবান করা ইস্যুতে বিএনপি ও বাংলাদেশ কল্যাণ পার্টির মধ্যে ঐকমত্য হয়েছে।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কল্যাণ পার্টির সঙ্গে দ্বিতীয় দফা সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব

বিএনপি মহাসচিব আরও বলেন, প্রথম দফা সংলাপে জাতীয় ঐক্য করার বিষয়ে নীতিগত ঐকমত্য ছিল, এখন দ্বিতীয় দফায় সুনির্দিষ্ট দাবি আদায়ের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে । বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলে যুগপৎ আন্দোলনের মাধ্যমে সরকার পতনে আমাদের সঙ্গে একমত কল্যাণ পার্টি। যে ২৩ দলের সঙ্গে প্রথম দফায় সংলাপ হয়েছিল, তারা ছাড়াও অন্য যেকোনো দল এ দফায় সংলাপে আসতে পারে। দ্বিতীয় দফা সংলাপের পরই যুগপৎ আন্দোলনের রূপরেখা আসবে কি না জানতে চাইলে তিনি বলেন, অবশ্যই আপনারা জানতে পারবেন।

এ সময় কল্যাণ পার্টির সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, যুগপৎ আন্দোলনের দিন-তারিখ প্রকাশ না করতে অনুরোধ করা হয়েছে, চমক আছে, অপেক্ষা করুন। এবার বিজয়ের কোনো বিকল্প নেই। বিজয় আমাদের হবেই। রাজপথে আমাদের দেখতে পাবেন। তিনি বলেন,আমরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, ধর্মীয় নেতাদের নির্যাতন, ডিজিটাল সিকিউরিটি আইন প্রভৃতি বিষয়ে কথা বলেছি।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading