রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রক্তপাত বন্ধ করা তুরস্কের লক্ষ্য: এরদোয়ান
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২ । আপডেট ২০:৪৫
বিভিন্ন প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও যত দ্রুত সম্ভব চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের রক্তপাত বন্ধ করা তুরস্কের লক্ষ্য। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এমন মন্তব্য করেছেন।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় ‘ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স-বিল্ডিং মেজারস ইন এশিয়া‘-এর (সিআইসিএ) ষষ্ঠ শীর্ষ সম্মেলনে এরদোয়ান বলেন, ‘পরিস্থিতি প্রতিকূল হওয়ার পরেও আমাদের লক্ষ্য হলো শান্তি অর্জনে চলমান প্রক্রিয়া অব্যাহত রাখা এবং যত তাড়াতাড়ি সম্ভব রক্তপাত বন্ধ করা।’
এ সময় তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘যুদ্ধের নেতিবাচক প্রভাব রোধে জাতিসংঘ এবং দু’পক্ষকে (রাশিয়া ও ইউক্রেন) সঙ্গে নিয়ে তুরস্ক যে প্রচেষ্টা চালিয়েছে তা সমগ্র বিশ্বের প্রশংসা অর্জন করেছে।‘
তিনি বলেন, ‘এ বছরের জুলাই মাসে ‘ইস্তাম্বুল শস্য চুক্তি’ হয় এবং সেপ্টেম্বরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দী বিনিময় সম্পন্ন হয়। এগুলো হলো তুর্কি উদ্যোগের ইতিবাচক অর্জন। এভাবে যুদ্ধের নেতিবাচক প্রভাব প্রতিরোধ করছে তুরস্ক।’
২২ জুলাই ইস্তাম্বুলে তুরস্ক, জাতিসংঘ, রাশিয়া ও ইউক্রেনের সম্মতির ভিত্তিতে তিনটি কৃষ্ণ সাগরীয় বন্দর দিয়ে ইউক্রেনীয় শস্য রফতানির বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। এরপর থেকে ওই তিন ইউক্রেনীয় বন্দর দিয়ে শস্য রফতানি চলমান আছে। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কারণে শস্য রফতানি বন্ধ ছিলো।
এরপর জানা গেছে, বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলী এবং চলমান যুদ্ধ নিয়ে আলোচনা করবেন।
যুদ্ধের শুরু থেকেই রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এরদোগান বারবার পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে তুরস্কে যেয়ে একটি আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটানোর বিষয়ে জোর দিয়েছেন।
এ বিষয়ে তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ‘আমি সব সময়ই বলি যে কূটনীতির মাধ্যমে শান্তি অর্জন করা যাবে। কিন্তু, এ যুদ্ধ চলমান থাকলে কোনো পক্ষ বিজয়ী হবে না। আর ন্যায়সঙ্গতভাবে শান্তি অর্জন করলে কেউ পরাজিত হবে না।
সূত্র : ডেইলি সাবাহ।
ইউডি/আব্দুল্লাহ

