টি-টোয়েন্টি বিশ্বকাপ: টাইগার স্কোয়াডে পরিবর্তনের কারন জানালেন সিডন্স
উত্তরদক্ষিণ । রবিবার, ১৬ অক্টোবর ২০২২ । আপডেট ১৬:১৫
আলোচনায় না থেকেও শেষতক বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা পেয়েছেন সৌম্য সরকার। অন্যদিকে, সাব্বিরকে টানা তিনটি সিরিজে পরীক্ষায় রেখেও অস্ট্রেলিয়ার টিকিট দেয়া হয়নি। এই নিয়ে দেশের ক্রিকেটে আলোচনা তুঙ্গে। এই নিয়ে মুখ খুলেছেন দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স।
সিডন্স বলেছেন, দলের স্বার্থেই এসেছে পরিবর্তন। বিশ্বকাপে সৌম্য সরকার ভালো কিছু করবেন, এমন প্রত্যাশাও তার। তিনি বলেছেন, ১৭ জন ক্রিকেটার ছিল আমাদের দলে, ১৫ জন নিতে হতো। দলের স্বার্থে যে সিদ্ধান্ত নেয়া আমাদের প্রয়োজন মনে হয়েছে, সেটাই করেছি আমরা। সৌম্য অবশ্যই ৫০ বা ৬০ রানের ইনিংস খেলেনি, সেটা সাব্বিরও করেনি। আশা করছি, সামনের দুটি প্রস্তুতি ম্যাচে ও বিশ্বকাপে দলের সবাইকে ভালো ফর্মে পাওয়া যাবে।
সিডন্স আরও বলেছেন, ওরা ভালোভাবেই এগোচ্ছে। কিছু নতুন ক্রিকেটার আনা হয়েছে, যারা বেশ কিছুদিন ধরে দলে ছিল না। আন্তর্জাতিক ক্রিকেটের গতির সঙ্গে আবার মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে তাদের। তবে আমার মনে হয়, আজকেই উদাহরণ দেখা গেছে যে ওরা কেমন করছে। খুব ভালোভাবেই হচ্ছে সবকিছু। টপ অর্ডারে শিগগিরই বড় কিছু স্কোর দেখার আশা করছি।
ইউডি/সুপ্ত

