সুস্বাদু রূপচাঁদা ফ্রাই তৈরি সহজ রেসিপি
উত্তরদক্ষিণ। মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২। আপডেট ০৮:৩০
সুস্বাদু রূপচাঁদা মাছের যেকোনো পদই জিভে জল আনে। বিশেষ করে রূপচাঁদা ফ্রাই অনেকে রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করে খেয়ে থাকেন। যদিও সহজ রেসিপি, তবুও জানা না থাকার কারণে অনেকে এটি তৈরি করতে পারেন না। আজ চলুন জেনে নেওয়া যাক রূপচাঁদা ফ্রাই তৈরির সহজ রেসিপি-
তৈরি করতে যা লাগবে
রূপচাঁদা মাছ- ২টি, আদা বাটা- আধা চা চামচ, রসুন বাটা- আধা চা চামচ, মরিচ গুঁড়া- আধা চা চামচ, জিরা গুঁড়া- আধা চা চামচ, হলুদ গুঁড়া- সামান্য, গোল মরিচ গুঁড়া- ১/৩ চা চামচ, লেবুর রস- ১ চা চামচ, লবণ- পরিমাণমতো, তেল- ভাজার জন্য।
যেভাবে তৈরি করবেন
মাছ ভালো করে ধুয়ে নিন। এবার মাছের উভয় পিঠে দুই তিন জায়গায় চাকু বা বটির সাহায্যে লম্বা করে দাগ দিয়ে নিন। এতে মাছের ভেতরে মসলা ভালোভাবে ঢুকবে। মাছ লেবুর রস ও লবণ মাখিয়ে রেখে দিন ৫ মিনিটের মতো। একটি পাত্রে আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা ও গোলমরিচ গুঁড়া মিশিয়ে নিন। এবার মাছের মসলার মিশ্রণ মাছের গায়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিন মিনিট বিশেক। প্যানে তেল গরম দিন। গরম হলে তাতে মাছ ছেড়ে দিন। মাছের এক পিঠ ভাজা হলে উল্টে দিন। দুই পাশ বাদামী করে ভেজে তুলুন। এরপর গরম গরম পরিবেশন করুন।
ইউডি/সুস্মিত

