টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম হ্যাটট্রিক আমিরাতের মিয়াপ্পানের

টি-টোয়েন্টি বিশ্বকাপ: প্রথম হ্যাটট্রিক আমিরাতের মিয়াপ্পানের

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৩৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে প্রথম হ্যাটট্রিক উপহার দিলেন সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মিয়াপ্পান। ভিক্টোরিয়ার জিলংয়ে মঙ্গলবার (১৮ অক্টোবর) শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি। লঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করার আগের দুই বলে তার শিকার ছিল ভানুকা রাজাপাকসে ও চারিথ আসালাঙ্কা।

আন্তর্জাতিক ক্রিকেটে আমিরাতের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন মিয়াপ্পান। ২০ ওভারের বৈশ্বিক আসরে এই অর্জনে নাম লেখানো পঞ্চম বোলার তিনি। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৩৯তম হ্যাটট্রিক এটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার গতিময় পেসার ব্রেট লি। ২০০৭ সালে প্রথম আসরে বাংলাদেশের বিপক্ষে এই কীর্তি গড়েছিলেন তিনি। বাকি তিনটি হ্যাটট্রিক হয় ওমান ও আমিরাতের গত আসরে। প্রথমটি করেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার। তিনি অবশ্য এগিয়ে যান আরেক ধাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে করেন ‘ডাবল হ্যাটট্রিক।’ নেদারল্যান্ডসের বিপক্ষে টানা চার বলে নেন চার উইকেট।

এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে এই কীর্তি গড়েন ভানিন্দু হাসারাঙ্গা। পরে ইংল্যান্ডের সঙ্গে কাগিসো রাবাদা পানও এই স্বাদ। টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা দক্ষিণ আফ্রিকার একমাত্র বোলার তিনি। তাদের সঙ্গে এবার নাম লেখালেন মিয়াপ্পান। প্রাথমিক পর্বে ‘এ’ গ্রুপে লঙ্কানদের বিপক্ষে এদিন অসাধারণ বোলিংয়ে নিজের তৃতীয় ওভারের শেষ তিন বলে তিন উইকেট নেন ২২ বছর বয়সী এই ক্রিকেটার।

পঞ্চদশ ওভারের চতুর্থ বলে ডিপ কাভারে ধরা পড়েন রাজাপাকসে। পরের বলটি গুগলি করেন মিয়াপ্পান। চারিথ আসালাঙ্কা পা বাড়িয়ে খেলার চেষ্টায় হন কট বিহাইন্ড। এরপর ওভারের শেষ বলে শানাকার উইকেট নিয়ে মাতেন তিনি হ্যাটট্রিকের উল্লাসে। স্পেল শেষ করেন মিয়াপ্পান ৪ ওভারে স্রেফ ১৯ রান দিয়ে ওই তিন উইকেট নিয়ে। শ্রীলঙ্কার ইনিংস থামে ৮ উইকেটে ১৫২ রান করে।

ইউডি/সুপ্ত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading