৩০ শতাংশ বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে রাশিয়া: জেলেনস্কি
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ অক্টোবর ২০২২ । আপডেট ১৭:৫০
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, দেশটির ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী। যার ফলে দেশের বিশাল এলাকা বর্তমানে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) এক টুইটবার্তায় বর্তমান এই সংকটের জন্য রুশ বাহিনীকে সরাসরি দায়ী করেছেন তিনি।
টুইটবার্তায় জেলেনস্কি আরও বলেন, গত ১০ অক্টোবর থেকে এ পর্যন্ত ইউক্রেনের ৩০ শতাংশ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে রুশ বাহিনী,ক্ষতিগ্রস্ত এসব কেন্দ্রের মেরামত শুরু হয়েছে, কিন্তু বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও সময় লাগবে।
তিনি বলেছেন, ভ্লাদিমির পুতিন যতদিন রাশিয়ার প্রেসিডেন্ট থাকবেন— ততদিন দেশটির সরকারের কোনো কর্মকর্তা ও প্রতিনিধির সঙ্গে শান্তি সংলাপ সম্ভব নয় ইউক্রেনের পক্ষে। সম্প্রতি ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনী ব্যাপকমাত্রায় গোলা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে রাজধানী কিয়েভের পশ্চিমাংশ, দানিপ্রো শহর ও দেশটির মধ্যাঞ্চল। এসব এলাকার বেশিরভাগ স্থানে গত তিন দিনেও স্বাভাবিক হয়নি বিদ্যুতের সরবরাহ।
সোমবারের হামলার পর থেকে ইউক্রেনের শত শত শহর ও হাজার হাজার বাড়িঘর এখনপর্যন্ত বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।
ইউডি/সুপ্ত

