টি-টোয়েন্টি বিশ্বকাপ: আইরিশদের বিপক্ষে লঙ্কানদের হেসে খেলে জয়
উত্তরদক্ষিণ । রবিবার, ২৩ অক্টোবর ২০২২। আপডেট ১৩:৪০
সুপার টুয়েলভে ওঠা নিয়েই শঙ্কা ছিলো যে লঙ্কানদের সেই শ্রীলঙ্কা কেনো এশিয়ান চ্যাম্পিয়ন সেটাই প্রমাণ দিলো। বড় ম্যাচে বড় জয় দিয়েই শুরু হলো ওদের সুপার টুয়েলভ। আয়ারল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে নিশ্চিত করেছে এই পর্বের প্রথম জয়। তাও আবার ৩০ বল হাতে রেখে।
হোবার্টে বৃষ্টি শঙ্কা থাকলেও কোনও বিঘ্ন ঘটেনি। টস জিতে শুরুতে ব্যাট করেছে আয়ারল্যান্ড। তাদের ৮ উইকেটে ১২৮ রানের সাধারণ মানের স্কোরে আটকে দিয়েছে লঙ্কান দল। জবাবে আত্মবিশ্বাসী শ্রীলঙ্কা ১ উইকেট হারিয়ে ১৫ ওভারেই জয় নিশ্চিত করেছে।
দারুণ বোলিং নৈপুণ্যের পর ব্যাট হাতেও আধিপত্য ছিল লঙ্কান ব্যাটারদের। শুরু থেকে আইরিশদের ওপর চড়াও হওয়া মেন্ডিস ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। সঙ্গী ওপেনার ধনাঞ্জয়া ডি সিলভা ২৫ বলে ৩১ রানে ফিরেছেন। ৬৩ রানের জুটি ভাঙলে পরে জয়ের পথে অবদান রাখেন চারিথ আসালাঙ্কা। ২২ বলে এই ব্যাটার অপরাজিত থাকেন ৩১ রানে। তার ইনিংসে ছিল ২টি চার। ঝড়ো গতিতে খেলা মেন্ডিসের ৪৩ বলের ইনিংসে ছিল ৫টি চার ও ৩ ছয়ের মার। ম্যাচসেরাও তিনি।
তার আগে ম্যাচটার ভাগ্য নির্ধারণ করে দিতে ভূমিকা ছিল বোলারদের। লঙ্কানদের সবাই উইকেট নিয়েছেন। ১৯ রানে দুটি নেন মাহিশ থিকশানা, ২৫ রানে সমসংখ্যক উইকেট নেন ওয়ানিন্দু হাসারাঙ্গাও। তাছাড়া একটি করে উইকেট নেন বিনুরা ফার্নান্ডো, লাহিরু কুমারা, চামিকা করুনারত্নে ও ধনাঞ্জয়া ডি সিলভা। লঙ্কান বোলারদের সামনে মাত্র দুজন উল্লেখযোগ্য ইনিংস খেলতে পেরেছন। ৪২ বলে ৪৫ রান করেন হ্যারি টেক্টর। ২৫ বলে ৩৪ রান করেন ওপেনার পল স্টার্লিং।
ইউডি/সুপ্ত

