ছাত্রলীগের সম্মেলন ডিসেম্বরে

ছাত্রলীগের সম্মেলন ডিসেম্বরে

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০১ নভেম্বর ২০২২। আপডেট ০৭:১০

ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন। এ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ছাত্রলীগের দেখভালের দায়িত্বে থাকা দলের চার নেতা জরুরি সভা করেছেন।

সোমবার ৩১ (অক্টোবর) আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক।

এ ছাড়া জরুরি সভায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্র জানিয়েছে, জরুরি সভায় ছাত্রলীগের সম্মেলনের বিষয়ে আলোচনা হয়। কবে তারিখ দিলে সম্মেলন প্রস্তুত করা সম্ভব, সেই বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্তদের কাছে জানতে চাওয়া হয়। আগামী ৩ ও ১০ ডিসেম্বর মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের সম্মেলনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। দলের সভাপতির কাছে তারিখগুলো পাঠানো হবে। তিনি সম্মতি দিলেই নির্ধারিত তারিখে সম্মেলন অনুষ্ঠিত হবে।

জরুরি সভার প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম গণমাধ্যমকে বলেন, আমরা মূলত ছাত্রলীগের বিষয়ে চারজন বসেছিলাম। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকও ছিলেন। আজ সিদ্ধান্ত হয়েছে আওয়ামী লীগের সম্মেলনের আগে ছাত্রলীগসহ মেয়াদোত্তীর্ণ সব সহযোগী সংগঠনের সম্মেলন অনুষ্ঠিত হবে। মূলত ছাত্রলীগের সম্মেলন নিয়ে আলোচনা হয়েছে। সুনির্দিষ্ট তারিখ বলে লাভ নেই। তারিখ যাই হোক আওয়ামী লীগের সম্মেলন অর্থাৎ ২৪ ডিসেম্বরের আগে ছাত্রলীগের সম্মেলন হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের সম্মেলনের আগে প্রধানমন্ত্রীর যখন সুবিধা হবে, তখনই ছাত্রলীগের সম্মেলন হবে।

এ প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, আগামী ১৬ ডিসেম্বরের আগেই ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। কাল (মঙ্গলবার) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সভাপতির সঙ্গে দেখা করবেন এবং তারিখ নির্ধারণ করবেন।

তিনি আরও বলেন, ছাত্রলীগের নভেম্বরের শেষের দিকে প্রথমে যুব মহিলা লীগ এবং পরে মহিলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইউডি/সুস্মিত

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading