দক্ষিণ কোরিয়ার মহড়ায় শক্তিশালী আমেরিকা বোমারু বিমান
উত্তরদক্ষিণ । শনিবার, ০৫ নভেম্বর ২০২২ । আপডেট ১৪:৩০
দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় বি-ওয়ানবি কৌশলগত বোমারু বিমান মোতায়েন করছে আমেরিকা। শনিবার এই বিশেষ যুদ্ধবিমান মহড়ায় যোগ করার পরিকল্পনা করেছে আমেরিকার বিমানবাহিনী।
দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। উত্তর কোরিয়ার সাম্প্রতিক একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও যুদ্ধবিমান আকাশে ওড়ানোর জবাবে এই মহড়া পরিচালনা করছে আমেরিকা ও দক্ষিণ কোরিয়া।
সিউল এবং ওয়াশিংটন সোমবার থেকে ‘ভিজিল্যান্ট স্টর্ম’ বিমান মহড়া শুরু করেছে। উত্তর কোরিয়ার ক্রমাগত উস্কানির কারণে সেই মহড়ার মেয়াদ শনিবার পর্যন্ত বৃদ্ধি করা হয়।
ইয়োনহাপ জানিয়েছে, ২০১৭ সালের পর থেকে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ মহড়ায় বি-ওয়ানবি বিমান মোতায়েন করছে ওয়াশিংটন। অক্টোবর থেকে গুয়ামে চারটি আমেরিকা বোমারু বিমান রাখা হয়েছে বলে জানা গেছে।
দক্ষিণ কোরিয়া আমেরিকাকে ‘কৌশলগত সম্পদ’ মোতায়েন বাড়াতে বলেছে। এর মধ্যে রয়েছে বিমানবাহী রণতরী, পারমাণবিক সাবমেরিন এবং বি-১বি এর মতো দূরপাল্লার শক্তিশালী বোমারু বিমান।
আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ যদিও বোমারু বিমান মোতায়েনের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
বৃহস্পতিবার ওয়াশিংটনে প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের সঙ্গে আলোচনার পর দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী লি জং সুপ বলেন, আমেরিকা কোরিয়ান উপদ্বীপে এবং এর আশেপাশে কৌশলগত সম্পদ রক্ষার বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে।
কোরীয় উপদ্বীপে উত্তেজনার মধ্যে শুক্রবার ১৮০টি মতো যুদ্ধবিমান উত্তর কোরিয়া আকাশে উড়িয়েছে বলে দাবি করে দক্ষিণ কোরিয়া। এর জবাবে সিউল তড়িঘড়ি ওই অঞ্চলের কাছে এফ-৩৫এসহ ৮০টি যুদ্ধবিমান মোতায়েন করে।
দক্ষিণ কোরিয়া জানায়, মিলিটারি ডিমারকেশন লাইনের ২০ কিলোমিটার দূর পর্যন্ত থাকা তথাকথিত কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকার উত্তরে শুক্রবার উত্তরের উড়োজাহাজগুলো উড়েছে।
আমেরিকার সঙ্গে চলা যৌথ আকাশ মহড়ায় ২৪০টির মতো উড়োজাহাজ অংশ নিচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া।
ইউডি/সুস্মিত

