সাভারে আওয়ামী লীগের জনসভা শুরু

সাভারে আওয়ামী লীগের জনসভা শুরু

উত্তরদক্ষিণ । শনিবার, ১০ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৫২

‘সারা দেশে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ সাভারে ঢাকা জেলা আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সাভারের রেডিও কলোনি স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুপুর ২টার দিকে সমাবেশ শুরু হয়।

‘বিএনপি জামায়াতের ষড়যন্ত্র ও মিথ্যাচারের প্রতিবাদে’ এই জনসভার আয়োজন করেছে সাভার ও ধামরাই উপজেলা এবং আশুলিয়া থানা আওয়ামী লীগ।

এরইমধ্যে সমাবশে এসেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আযম।

বিএনপির গণসমাবেশের পাল্টা কোনো কর্মসূচি নয় দাবি করে ঢাকা জেলা আওয়ামী লীগের নেতারা বলেন, বিজয়ের কর্মসূচি হিসেবেই আজকের এ সভা। তবে সমাবেশের নামে জনভোগান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে রাজপথে প্রতিহত করতে প্রস্তুত থাকবে আওয়ামী লীগ।

ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য বেনজীর আহমদ বলেন, ‘বিএনপি ঢাকায় সমাবেশ করছে। আমরা আমাদের মতো শান্তিপূর্ণভাবে জনসভা করছি। এটি পাল্টাপাল্টি কোনো সমাবেশ নয়।’

সাভার উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে শুরু হওয়া এ জনসভায় ঢাকা জেলা ছাত্রলীগ, সাভার, আশুলিয়া ছাত্রলীগের নেতাকর্মীরা বক্তব্য দিচ্ছেন।

এদিকে সকাল থেকেই সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার নেতাকর্মীরা মিছিল নিয়ে মাঠে উপস্থিত হন। এ সময় তারা বিএনপি ও জামায়াতবিরোধী স্লোগান দিতে থাকেন।

জনসভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী ডা. এনামুর রহমান, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ উপস্থিত থাকবেন।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading