ইন্ডিয়ার শিল্পোৎপাদন ৪ শতাংশ সংকুচিত
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৬:০৪
চলতি বছরের অক্টোবরে ইন্ডিয়ার শিল্পোৎপাদন সূচক (আইআইপি) চার শতাংশ সংকুচিত হয়েছে। যদিও গত এপ্রিল থেকে অক্টোবর পর্যন্ত সামগ্রিক আইআইপি বেড়েছে। এ সময়ে এটি পাঁচ দশমিক তিন শতাংশ বেড়েছে। দেশটির পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর দ্য প্রিন্ট।
আইআইপি সাধারণত ছয় সপ্তাহের ব্যবধানে প্রতি মাসের ১২ তারিখে প্রকাশ করা হয়। একই সঙ্গে উৎপাদনকারী কারখানা বা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত ডাটার সঙ্গে তা সংকলিত করা হয়।
মন্ত্রণালয় প্রকাশিত অন্য এক উপাত্তে বলা হয়, নভেম্বরে দেশটির খুচরা মূল্য সূচক ৫ দশমিক ৮৮ শতাংশ কমেছে। যেখানে অক্টোবরে কমার এ হার ছিল ৬ দশমিক ৭৭ শতাংশ। ভোক্তা মূল্য সূচকের (সিপিআই) ওপর ভিত্তি করে খুচরা মূল্যস্ফীতির হার নির্ধারণ করা হয়ে থাকে।
দেশটির খুচরা মূল্যস্ফীতি বর্তমানে ১১ মাসের মধ্যে সর্বনিম্নে রয়েছে। এ হার ৬ শতাংশের নিচে নেমে এসেছে, যা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) লক্ষ্যমাত্রার কাছাকাছি রয়েছে। এদিকে খুচরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক মে মাসে সুদহার ২২৫ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৬ দশমিক ২৫ শতাংশ করেছে।
২০১৬ সালে ইন্ডিয়ার নমনীয় মূল্যস্ফীতি টার্গেটিং কাঠামো চালু হয়। সে হিসেবে সিপিআইভিত্তিক মূল্যস্ফীতি পরপর তিন-চতুর্থাংশ ২ থেকে ৬ শতাংশের বাইরে থাকলে আরবিআই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে মনে করা হয়।
মূল্যস্ফীতি ম্যান্ডেট বজায় রাখতে ব্যর্থ হওয়ায় ইন্ডিয়ার কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রানীতি কমিটি (এমপিসি) নভেম্বরের শুরুতে একটি সভা করেছিল।
ইউডি/এ

