উন্নয়ন অনেকের ভালো লাগে না: মায়া

উন্নয়ন অনেকের ভালো লাগে না: মায়া

উত্তরদক্ষিণ । বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৮:৪৫

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, ‘গত ১৪ বছরে দেশে একের পর এক মেগা প্রজেক্ট হয়েছে, এটি জননেত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের উন্নয়নের সফলতা। কিন্তু এটি অনেকের ভালো লাগে না।’

তিনি বলেন, ‘এই সফলতাকে নস্যাৎ করার জন্য আজকে স্বাধীনতাবিরোধী শক্তি উঠে পড়ে লেগেছে—যারা বাংলাদেশকে স্বীকার করে না, দেশের ইতিহাসকে স্বীকৃতি দেয় না, আইন মানে না, কোর্ট-কাচারি মানে না, গায়ের জোরে ক্ষমতায় যেতে চায়, অসাংবিধানিক উপায়ে পেছন দরজা দিয়ে ক্ষমতায় যেতে চায়।’

বুধবার (২১ ডিসেম্বর) ‘বিজয়ের ৫২ বছর ও আমাদের উন্নয়ন’ শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ।

বিএনপি সব মিলিয়ে ৩৮ দফা দিয়েছে মন্তব্য করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘এই দেশের মানুষ দফা বিশ্বাস করে না, কাজে বিশ্বাস করে। কাজ, কর্ম, সততাকে বিশ্বাস করে। যেটা জননেত্রী শেখ হাসিনার মধ্য দিয়ে আজকে প্রমাণিত। আপনারা ষড়যন্ত্র করে ক্ষমতায় যাবার চেষ্টা করবেন আর আমরা বসে থাকবো—এটা হয় না।’

তিনি আরও বলেন, ‘২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানিয়ে ক্ষমতায় বসাতে হবে। কারণ গ্রামগঞ্জসহ সারা বাংলাদেশে আজকে একটাই আওয়াজ—বারবার দরকার, শেখ হাসিনার সরকার। এটা সঠিক সময়ের সঠিক স্লোগান।’

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সালাম মৃধার সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য অ্যাড. কামরুল ইসলাম প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading