গার্ডিয়ানে সাইবার হামলা

গার্ডিয়ানে সাইবার হামলা
‘চলতি বছরে সংবাদমাধ্যমগুলো সাইবার আক্রমণের নিয়মিত লক্ষ্যে পরিণত হয়েছে এবং অনেক সময়েই এসব প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২ । আপডেট ১৫:৫৯

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে সাইবার হামলা হয়েছে। কর্তৃপক্ষের ধারণা, হ্যাকাররা গার্ডিয়ানের তথ্যপ্রযুক্তি ব্যবস্থা বা আইটি সিস্টেমে র‍্যানসামওয়্যার আক্রমণ চালিয়ে থাকতে পারে। এমন অবস্থায় কর্মীদের অফিসে আসতে নিষেধ করেছে গার্ডিয়ান।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) গার্ডিয়ানের এক বিবৃতির বরাত দিয়ে এমনটাই জানায় ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, বিগত ২৪ ঘণ্টা ধরে দ্য গার্ডিয়ানের আইটি সিস্টেমে সাইবার হামলা চালানো হয়। এতে পত্রিকাটির অভ্যন্তরীণ কিছু সেবা ব্যাহত হয়েছে। তবে এমন পরিস্থিতিতেও অনলাইন প্রকাশনার পাশাপাশি ছাপা পত্রিকাও প্রকাশের পরিকল্পনা রয়েছে দ্য গার্ডিয়ানের।

এদিকে কর্মীদের অফিসে আসার বদলে ঘরে থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে সংবাদমাধ্যমটি।

এক বিবৃতিতে দ্য গার্ডিয়ান জানায়, আমাদের প্রযুক্তি বিভাগ সকল দিক বিবেচনায় রেখে কাজ করে যাচ্ছে। আমাদের কর্মীদের একটি বৃহৎ অংশ ‘ওয়ার্ক ফ্রম হোম’ এ অভ্যস্ত যেমনটা আমরা করোনার সময় করেছিলাম। আমরা ধারণা করছি এটা একটা র‍্যানসামওয়্যার আক্রমণ, তবুও আমরা সম্ভবপর অন্যান্য বিষয়গুলোও খতিয়ে দেখছি।

সাইবার আক্রমণের মাঝেও অনলাইন প্রকাশনা ব্যাহত না হওয়ায় কর্মীদের প্রতি সাধুবাদ জানিয়েছেন গার্ডিয়ান মিডিয়া গ্রুপের প্রধান নির্বাহী অ্যানা বেটসন এবং প্রধান সম্পাদক ক্যাথরিন ভিনার। পাশাপাশি যেসব কর্মীরা সাইবার আক্রমণের শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের অবগত করা হবে বলেও জানান তারা।

এদিকে দ্য গার্ডিয়ানে সাইবার হামলা অপ্রত্যাশিত কিছু নয় বলে মত দিয়েছেন অ্যান্টিভাইরাস প্রতিষ্ঠান ইসেট এর গ্লোবাল সাইবার সিকিউরিটি বিষয়ক পরামর্শক জেক মোর। মোর বলেন, ‘চলতি বছরে সংবাদমাধ্যমগুলো সাইবার আক্রমণের নিয়মিত লক্ষ্যে পরিণত হয়েছে এবং অনেক সময়েই এসব প্রতিষ্ঠান কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

গত অক্টোবরে বাংলাদেশের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম সময় টিভির ইউটিউব চ্যানেলেও র‍্যানসামওয়্যার আক্রমণ চালিয়েছিল সাইবার অপরাধীরা।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading