মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে টিকিট বিক্রির মেশিনে ত্রুটি
উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৩:৩০
মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে টিকিট বিক্রির মেশিনে ত্রুটি দেখা দিয়েছে। সোমবার (০২ জানুয়ারি) সকাল থেকে দফায় দফায় টিকিট বিক্রির মেশিনে এ যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
আগারগাঁও স্টেশনে টিকিট বিক্রির ছয়টি মেশিন রয়েছে। যাত্রীরা স্বয়ংক্রিয়ভাবে এই মেশিনগুলো থেকে টিকিট কিনতে পারেন। এর পাশাপাশি টিকিট বিক্রির সাধারণ কাউন্টারও এই স্টেশনে রয়েছে।
মেশিন বিকল হয়ে গেলে কখনো মনিটর বন্ধ হয়ে যায়। আবার কখনো মনিটরে ভেসে ওঠে, ‘এই মেশিনটি কিছু সময়ের জন্য বিকল আছে। অনুগ্রহ পূর্বক অন্য মেশিন ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো। অথবা টিকিট অফিসে যোগাযোগ করুন।’
আবার কখনো মনিটরে লেখা ভাসছে, ‘লেনদেন প্রক্রিয়াটিতে ত্রুটি আছে। সাহায্যের জন্য অপেক্ষা করুন। সাময়িক অসুবিধার জন্য দুঃখিত।’
রাজধানীর একটি কলেজের শিক্ষার্থী মুনতাসীর হোসেন বলেন, ‘প্রথমে টিকিট বিক্রির মাঝের মেশিনের সারিতে দাঁড়াই। একপর্যায়ে মেশিন কাজ করছিল না। পরে ডান পাশের মেশিনের সারিতে দাঁড়াই। পাঁচ মিনিট সারিতে থাকার পর দেখি, এটিতেও সমস্যা। এরপর তৃতীয় মেশিন থেকে টিকিট কাটতে পেরেছি।’
নাম প্রকাশে অনিচ্ছুক আগারগাঁও স্টেশনের এক কর্মকর্তা বলেন, ‘টিকিট কিনতে অনেকে মেশিনে পুরোনো নোট দিচ্ছেন। আবার মেশিনে সব নোটের সেট-আপ দেওয়া নেই। এসব কারণে একটু সমস্যা হচ্ছে।’
ইউডি/এ

