আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৪, আহত ৯

আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ৪, আহত ৯

উত্তরদক্ষিণ । সোমবার, ০২ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৬:১০

অস্ট্রেলিয়ায় মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে অন্তত চারজন নিহত হয়েছেন। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় দুই শিশুসহ এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সোমবার (২ জানুয়ারি) দুপুর ২টায় গোল্ড কোস্টের মেন বিচ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, এই এলাকায় সমুদ্রের ওপরে হেলিকপ্টারে চড়া পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ। দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টার দুটিও পর্যটকদের উপভোগ করার জন্যই ছিল বলে জানা গেছে। 

কুইন্সল্যান্ড পুলিশ জানিয়েছে, একটি হেলিকপ্টার নেমে আসছিল। একই সময়ে টেক অফ করছিল অন্য একটি হেলিকপ্টার। এ সময় আকাশে উড়তেই দুই হেলিকপ্টারের মধ্যে ধাক্কা লেগে যায়। সঙ্গে সঙ্গে একটি হেলিকপ্টার মাটিতে ভেঙে পড়ে।

দুর্ঘটনার এই ভিডিও ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে উদ্ধারকাজ শুরু করে অস্ট্রেলিয়ার পরিবহন দপ্তর। কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে বিস্তারিত তদন্তও শুরু করেছে স্থানীয় প্রশাসন।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। দুই হেলিকপ্টার মিলিয়ে মোট নয়জন আহত হয়েছেন। এর মধ্যে দুই শিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক। সমুদ্র সৈকতে বালির মধ্যে দুর্ঘটনা ঘটায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। তবে ঘটনাস্থলে পর্যাপ্ত বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দিতে পেরেছে বলেই জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি। তবে দ্বিতীয় হেলিকপ্টারটি একেবারে অক্ষত ভাবেই মাটিতে অবতরণ করে। আপাতত সমুদ্রসৈকত পর্যটকদের জন্য বন্ধ রাখা হয়েছে। 

ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছেন ব্রিসবেন ও ক্যানবেরার পরিবহন দপ্তরের কর্মকর্তরা। ছয় সপ্তাহের মধ্যে এই ঘটনা নিয়ে প্রাথমিক রিপোর্ট দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading