‘ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়’

‘ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল, এত সহজ নয়’
ফাইল ছবি

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১০ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৮:১৫

‘আওয়ামী লীগ জনগণের দল, যা বলে তা করে’ বলে মন্তব্য করেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছে তাদের ‘ভাসমান’ আখ্যা দিয়ে সরকারপ্রধান বলেছেন, ‘তারা ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এত সহজ নয়।’

মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘যাদের নিজেদের দলে গণতন্ত্র নেই, তারা গণতন্ত্র চর্চা করবে কীভাবে। খুব একটা আতঙ্ক সৃষ্টি করেছিল ১০ ডিসেম্বর নিয়ে। ডাকঢোল পিটিয়ে ১০ তারিখ চলে গেল গোলাপবাগে। এখন নাকি ১১ তারিখ (১১ জানুয়ারি) থেকে আন্দোলন করবে। তাদের সঙ্গে আবার অতি বাম এবং অতি ডান যুক্ত হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘তাদের উদ্দেশে বলে দিতে চাই, আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে। জনগণের কল্যাণে কাজ করে। ধাক্কা দিল আর আওয়ামী লীগ পড়ে গেল এতে সহজ নয়।’

এ সময় প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের স্মরণ করিয়ে দেন, ‘২০০৮ সালে নির্বাচন নিয়ে কেউ কিন্তু প্রশ্ন উঠাতে পারেনি। বিএনপিকে জিজ্ঞেস করবেন, সেই নির্বাচনে কতটা সিট পেয়েছিল? ২৯টা, পরে আরেকটা উপনির্বাচনে। আমরা জনগণের জন্য কাজ করি বলেই আজ জনগণ আওয়ামী লীগকে ভোট দেয়।’

এ সময় প্রধানমন্ত্রী জানান, জাতির পিতার আদর্শ ধারণ করে দেশের উন্নয়নের এই অভিযাত্রা অব্যাহত থাকবে। দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা হবে।

দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে সরকারপ্রধান বলেন, ‘আমাদের আগেও ২৯ বছর ক্ষমতায় ছিল জিয়া-এরশাদ, খালেদারা। তারা কেন পারেনি দেশকে উন্নত করতে। তারা আজ গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। তাদের জন্ম হয়েছে ক্ষমতা দখলকারী মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে। এরা তো ভাসমান। তাদের বাংলাদেশের প্রতি কেন দরদ থাকবে। হাজার হাজার মানুষকে পুড়িয়ে তারা আনন্দ পায়।’

গ্রামের মানুষের কাছে তাদের অর্থনৈতিক অধিকারসহ সবধরনের অধিকার পৌঁছে দেওয়াই ছিল জাতির পিতার লক্ষ্য বলে জানান তাঁর কন্যা।

সরকারপ্রধান বলেন, ‘সাড়ে তিন বছরের মধ্যে একটা বিধ্বস্ত দেশ গড়ে তোলা! তার ভরসা ছিল একমাত্র দেশের মানুষ৷ স্বাধীনতার পর অনেক বিদেশি সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে, আপনার তো কিছু নেই, কোনো কিছুই নেই এদেশে। কীভাবে করবেন? বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিলেন, আমার মাটি আছে, মানুষ আছে, সেই মাটি মানুষ দিয়েই আমি আমার দেশ গড়ে তুলব। এবং সেটাই তিনি প্রমাণ করেছিলেন।’

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading