বড় পর্দায় অপি করিম

বড় পর্দায় অপি করিম

উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৪:০০

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপি করিম ২০১৯ সালে কাজ করেছিলেন ‘মায়ার জঞ্জাল’ ছবিতে। ইন্ডিয়া ও বাংলাদেশ প্রযোজিত এ ছবিটি এবার বড় পর্দায় আসছে। আগামী ফেব্রুয়ারি মাসে একই দিনে দুই দেশেই মুক্তি দেওয়া হবে বলে জানালেন এর প্রযোজক জসীম আহমেদ।

মানিক বন্দ্যোপাধ্যায়ের দুই ছোটগল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে সাজানো হয়েছে এ ছবির চিত্রনাট্য। কলকাতার ইন্দ্রনীল রায় চৌধুরীর পরিচালনায় ছবিটিতে সোমা চরিত্রে হাজির হবেন অপি। তার স্বামীর চরিত্রে অভিনয় করেছেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।

ছবির গল্পে দেখা যাবে, সোমা কলকাতার মেয়ে। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করেন সোমা। এদিকে ছবিটি মুক্তির অংশ হিসেবে শনিবার এর ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে।

ছবির প্রযোজক ও নির্মাতা জসীম আহমেদ বলেন, ‘বিশ্বের বহু উৎসবে ছবিটি বেশ প্রশংসা পেয়েছে। আমরা মুখিয়ে ছিলাম দেশের মানুষকে এটি দেখানোর জন্য। অবশেষে তা হচ্ছে।’

সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার ও মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইউরোপিয়ান প্রিমিয়ার হওয়া সিনেমাটি ইতোমধ্যেই অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে এবং বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছে।

‘ফড়িং’খ্যাত ইন্ডিয়ার প্রশংসিত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী পরিচালনায় থাকায় বিষয়টি নিয়ে বাড়তি আগ্রহও আছে দর্শকদের। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সোহেল রানা, চান্দ্রেয়ী ঘোষ, পরান বন্দ্যোপাধ্যায়, ব্র্যাত্য বসু ও শাওলি চট্টোপাধ্যায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading