প্রার্থিতা ফিরে পেতে হিরো আলমের রিট
উত্তরদক্ষিণ । সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩ । আপডেট ১৫:৪৫
প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র মনোনয়নপ্রত্যাশী আশরাফুল আলম ওরফে হিরো আলম রিট করেছেন।
সোমবার (১৬ জানুয়ারি) তার পক্ষে রিটটি করেছেন আইনজীবী অ্যাডভোকেট ইয়াররুল ইসলাম।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ইয়াররুল ইসলাম বলেন, রিটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, জেলা রিটার্নিং কর্মকর্তাসহ চার জনকে বিবাদী করা হয়েছে।
তিনি বলেন, বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
বগুড়া-৪ ও ৬ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন হিরো আলম। কিন্তু ভোটার তালিকায় গরমিল থাকায় তার মনোনয়নপত্র প্রথমে জেলা রিটার্নিং কর্মকর্তা পরে নির্বাচন কমিশন থেকেও বাতিল করা হয়।
ইউডি/এ

