তুরস্কে ভূমিকম্প, আগেই টের পেয়েছিল পাখিরা
উত্তরদক্ষিণ । বুধবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:৩০
তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে প্রায় আট হাজার মানুষের মৃত্যু হয়েছে। গত সোমবার ভোর ৪টা ১৭ মিনিটের দিকে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও সিরিয়াতে। এতে লণ্ডভণ্ড হয় দুই দেশের আবাসিক ভবনসহ বহু স্থাপনা।
তবে হঠাৎ করেই তুরস্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে আকাশে অনেকগুলো পাখি উড়ছে। অনেকে এ ঘটনা তুরস্কে হয়েছে বলে দাবি কেরেছে।
তবে হিন্দুস্তান টাইমস বলছে, তারা ভিডিওটি এবং এ–সংক্রান্ত দাবিগুলোর সত্যতা যাচাই করতে পারেনি।
টুইটারে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর ওই পোস্টের মন্তব্যের ঘরে এক ব্যবহারকারী লিখেছেন, পশুপাখি, সামুদ্রিক প্রাণীরা প্রতিটি দুর্যোগের আগে আঁচ করতে পারে। মানবজাতি তাদের আঁচ করার সক্ষমতা হারিয়েছে।
অন্য একজন লিখেছেন, ‘ওরা (পাখিরা) ওড়াওড়ি করার পর একটি গাছের ওপর গিয়ে বসেছে। আমার আশপাশের এলাকায় কাকেরা প্রতিদিনই এ কাজ করে।’
আমেরিকার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস-এর এক প্রতিবেদন থেকে জানা যায়, শক্তিশালী মাত্রার ভূমিকম্প আঘাত হানার আগে প্রাণীদের উদ্ভট আচরণ করার ধারণাটি অনেক পুরোনো।
খ্রিস্টপূর্ব ৩৭৩-এ গ্রিসে ভয়াবহ ভূমিকম্পের কয়েক দিন আগে ইঁদুর, বেজী, সাপের মতো প্রাণীরা এলাকা ছেড়ে চলে গিয়েছিল।
ইউডি/এ

