এবার আর পার পাবেন না : দুদু

এবার আর পার পাবেন না : দুদু

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ ফেব্রুয়ারি ২০২৩ । আপডেট ১৭:০০

আগামী নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ আর পার পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধনে এ মন্তব্য করেন তিনি।

ক্ষমতাসীন আওয়ামী লীগের উদ্দেশে শামসুজ্জামান দুদু বলেন, ‘আগামী নির্বাচন অবশ্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। এইবার আপনারা আর পার পাবেন না। পার পাবার কোনো পথ নেই। আপনারা যত জারিজুরি করেন না কেন, আপনাদের পদত্যাগ করতেই হবে, পার্লামেন্ট ভাঙতে হবে, নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।’

শামসুজ্জামান দুদু বলেন, ‘বাংলাদেশে আর কিছুদিন পর নির্বাচন। বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যেতে চায়। বিএনপি এ পর্যন্ত যতবার ক্ষমতায় গেছে নির্বাচনের মাধ্যমেই গেছে। ভালো নির্বাচনের জন্য আমরা কেয়ারটেকার সরকারের কথা বলেছি। নির্বাচনের মাধ্যমেই আমরা এই সরকারের পতন ঘটাতে চাই। কিন্তু আপনারা সাজানো নির্বাচন করে আবার ক্ষমতায় আসতে চান, এই স্বপ্ন বাদ দেন। আগামী দিনের সরকার হবে গণতন্ত্রের পক্ষের সরকার। সেটা বিএনপি সরকার, নির্বাচনপরবর্তী জাতীয় সরকার।’

তিনি আরও বলেন, ‘বিএনপি ২৭ দফা দিয়েছে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, আওয়ামী লীগ বিদেশে যে টাকা পাচার করেছে সে টাকা ফেরত আনতে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে। আর সেই জন্যই আগামী নির্বাচন অবশ্যই কেয়ারটেকার সরকারের অধীনে হতে হবে।’

দুদু বলেন, ‘স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম সৈনিক ছিলেন খায়রুল কবির খোকন। বারবার নির্বাচিত সংসদ সদস্য। এ রকম একজন ব্যক্তির ওপর আক্রমণ করা মানে দেশের স্বাধীনতা, গণতন্ত্রের ওপর আক্রমণ করা। বীর মুক্তিযোদ্ধা আবু সালেহকে মাজায় দড়ি বেঁধে ও হাতে হ্যান্ডকাফ পরিয়ে আদালতে হাজির করা হয়েছে। এরা সালেহকে মাজায় দড়ি বাঁধেনি, এরা দেশের গণতন্ত্রের মাজায় দড়ি বেঁধেছে, দেশের স্বাধীনতার মাজায় দড়ি বেঁধেছে। এদের বিচার হওয়া উচিত।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading