রমজানে অফিসের নতুন সময়সূচি
উত্তরদক্ষিণ । সোমবার, ১৩ মার্চ ২০২৩ । আপডেট ১৬:১৫
আসন্ন পবিত্র রমজান মাসে সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে সরকার।
সোমবার (১৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের জানান, রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করা হয়েছে। আর জোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।
মন্ত্রিপরিষদ সচিব জানান, রোজায় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, রেলওয়ে, হাসপাতাল, শিল্পকারখানা ও জরুরি সেবার দপ্তরগুলো তাদের মতো করে অফিসসূচি নির্ধারণ করবে। আদালতের সময়সূচি নির্ধারণ করবেন সুপ্রিম কোর্ট।
ইউডি/এ

