ভূমধ্যসাগরে নৌকাডুবি, ১৭ অভিবাসী উদ্ধার, নিখোঁজ ৩০
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ । আপডেট ১৫:১৫
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় ১৭ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। লিবিয়া থেকে অবৈধপথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তারা ইতালিতে যাওয়ার সময় নৌকাটি ডুবে যায়। এতে ৪৭ জন অভিবাসী ছিলেন। খবর আল জাজিরার।
১৭ জন অভিবাসীকে উদ্ধার করে সোমবার ইতালীয় কর্তৃপক্ষ উপকূলে নিয়ে এসেছে। পরে তাদের সিসিলি দ্বীপের পোজালো শহরে নিয়ে যাওয়া হয়।
ইতালির কোস্টগার্ড জানিয়েছে, খারাপ আবহাওয়ার মধ্যে লিবিয়া থেকে বিপজ্জনক সমুদ্রযাত্রায় নামা অভিবাসীদের একটি নৌকা গত রোববার ভূমধ্যসাগরে ডুবে যায়। নৌকাডুবির ওই ঘটনায় ভূমধ্যসাগরে ৩০ অভিবাসী ডুবে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে অবৈধপথে ইতালি যাওয়ার সময় গত ২৬ ফেব্রুয়ারি ইতালির দক্ষিণাঞ্চলীয় ক্যালাব্রিয়ার কাছে জাহাজডুবির ঘটনায় অন্তত ৭৯ জন অভিবাসীর প্রাণহানি হয়। সেই ঘটনার দুই সপ্তাহের বেশি কিছু সময় পর আবারও অভিবাসীবাহী নৌ দুর্ঘটনার খবর সামনে এলো।

নৌকাটিতে ৪৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিল জানিয়ে রোববার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে অ্যালার্ম ফোন’র অভিযোগ, ‘স্পষ্টতই ইতালীয় কর্তৃপক্ষ এই ঘটনা এড়াতে চেষ্টা করছিল। কারণ তারা উদ্ধারে গেলে বিপদাপন্ন এই অভিবাসীদের ইতালিতে আনতে হবে। আর এই কারণেই হস্তক্ষেপে বিলম্ব করে ইতালি চাইছিল যেন তথাকথিত লিবিয়ান কোস্টগার্ড সেখানে আসে এবং জোরপূর্বক লোকদের আবারও লিবিয়ায় ফিরিয়ে নিয়ে যায়।’
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসীদের বহনকারী ওই নৌকাটি ইতালির দিকে যাওয়ার সময় লিবিয়ার বেনগাজি বন্দর থেকে প্রায় ১১০ মাইল উত্তর-পশ্চিমে ডুবে যায় বলে জানিয়েছে মেডিটেরানিয়া সেভিং হিউম্যানস নামের একটি দাতব্য সংস্থা।
ইউডি/এ

