রমজানে দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা গর্হিত কাজ: প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ । আপডেট ১৩:১৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পবিত্র রমজানে কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করবে, এটা অত্যন্ত গর্হিত কাজ। সেজন্য জুমার নামাজের যে খুতবা দেওয়া হয়, সেখানে কালোবাজারি, খাদ্যে ভেজাল দেওয়া- এটা যে গর্হিত কাজ সে ব্যাপারে ইমামদের কথা বলা উচিত।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সারাদেশে ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনের সময় এমন মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এসব মসজিদের উদ্বোধন করেন।
ধর্মের নামে বিচারের অধিকার কাউকে দেয়া হয়নি জানিয়ে শেখ হাসিনা বলেন, ইসলামকে নিয়ে কেউ যেন বাড়াবাড়ি করতে না পারে, সে উদ্যোগ নিয়েছে সরকার। যারা সত্যিকারের ইসলামকে বিশ্বাস করে তারা অন্য ধর্মের প্রতিও সহনশীল হয়।
ধর্মচর্চার পাশাপাশি মানুষ যাতে জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথে না যায়, সে বিষয়ে শিক্ষা দেওয়ার লক্ষ্যেই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গড়া হয়েছে বলে জানান সরকারপ্রধান।
রমজানে নিত্যপণ্যের দাম বাড়ানো, কালোবাজারি, খাদ্যে ভেজাল দেওয়ার ক্ষতিকর বিষয় নিয়ে ইমামদের জুমায় বক্তব্য দেয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
ইউডি/এ

