জন্মদিনে ক্ষমা চাইলেন কঙ্গনা

জন্মদিনে ক্ষমা চাইলেন কঙ্গনা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ । আপডেট ১৫:৩০

বলিউডে এমন কথা প্রচলিত রয়েছে যে, কঙ্গনা রানাউত মুখ খুললেই কোনো না কোনো বিতর্কিত মন্তব্য করবেন। তাইতো বলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’ হিসেবেও পরিচিত তিনি। তবে না, এবার কোনো বিতর্কিত নয় বরং ক্ষমা চাইলেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (২৩ মার্চ) অভিনেত্রীর ৩৬ তম জন্মদিন। এদিনের শুরুটা ইতিবাচক ভাবেই করলেন। এক ভিডিও বার্তায় প্রকাশ্যেই সবার কাছে ক্ষমা চেয়ে নিলেন বলিউড ‘কুইন’।

জন্মদিনের সকাল সকাল ভিডিও বার্তা দেয়ার সময় ট্রাডিশনাল সাজে দেখা গেল অভিনেত্রীকে। গোলাপি পাড়ের সবুজ শাড়ি, ভারি সোনার নেকলেস, সোনার কানের দুল ও কপালে ছিল লাল টিপ।

ইনস্টাগ্রামে পোস্ট করা সেই ভিডিও বার্তার শুরুতেই তিনি বাবা-মা এবং গুরু (সদগুরু এবং স্বামী বিবেকানন্দ) কাছ থেকে পাওয়া শিক্ষার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন। সঙ্গে তার তথাকথিত ‘শত্রু’ বলে যারা পরিচিত তাদেরও সম্বোধন করে বিনয়ী সুরে কথা বলেন কঙ্গনা।

কঙ্গনা বলেন, ‘আমার শত্রুরা যারা আমাকে কখনও শান্তিতে থাকতে দেননি। আমি যতই সফল হই না কেন, তারা আমাকে পায়ের তলায় রাখতে চেয়েছেন। তাদের কাছ থেকেও আমি শিখেছি কীভাবে লড়াই করতে হয়, সংগ্রাম করতে হয়। সেজন্য আমি তাদের কাছেও চিরকাল কৃতজ্ঞ থাকব।’

কঙ্গনা আরও বলেন, ‘বন্ধুরা, আমার আদর্শ, চিন্তাধারা খুব সহজ, সরল। আমি সবসময় সবার ভালোই চেয়েছি। দেশের কল্যাণের কথা বলেছি, তাও বলছি, যদি কাউকে জেনে, না জেনে আঘাত করে থাকি, তাহলে আমি তাদের সবার কাছে আজ ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মনে স্নেহ এবং সুন্দর ভাবনাই রয়েছে।’

এদিকে একদিন আগেও টুইটারে এক পোস্টে পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে নিশানা করেছিলেন কঙ্গনা। তার উদ্দেশ্যে কঙ্গনা লিখেন, পাঞ্জাব পুলিশ শিগগিরই তাকে খালিস্তানিদের ‘সমর্থন’ করার জন্য গ্রেপ্তার করবে। এর আগে করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, স্বরা ভাস্কর, আমির খান ও তাপসী পান্নুসহ অনেকে তারকাই পড়েছেন কঙ্গনার নিশানায়।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading