ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১২:০০
বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্স’র (একিউআই) তথ্য বলছে, ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর।
বৃহস্পতিবার (৩০ মার্চ) বাংলাদেশ সময় সকালে বিশ্বের ১০টি শহরের বাতাস রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়। আর খুবই অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাইয়ের বাতাস।
একিউআইয়ের সূচকে আজ ঢাকা ১৮৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে ২৮১ স্কোর নিয়ে শীর্ষস্থানে রয়েছে চিয়াং মাই।
বেলা সাড়ে সাড়ে ১১টায় একিউআইয়ের ওয়েবসাইটে দেখা গেছে এসব তথ্য।
তালিকায় দেখা গেছে, ঢাকা ছাড়াও ইন্ডিয়ার দিল্লি, নেপালের কাঠমান্ডু, পাকিস্তানের লাহোর, চীনের উহান, বেইজিং, শেনইয়াং ও সাংহাই এবং দক্ষিণ কোরিয়ার বুসানের বায়ু রয়েছে অস্বাস্থ্যকর অবস্থায়।
তালিকা অনুযায়ী, ভালো বায়ুর মানের তালিকায় শূন্য স্কোর নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার সিডনি।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউএয়ার দূষিত বাতাসের শহরের তালিকা প্রকাশ করে।
একিউআইয়ের ওই তালিকায় মোট ছয়টি শ্রেণিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০১-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়। আজ ওই অবস্থানেই নেই কোনো শহর।
প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বায়ু কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না তা জানিয়ে থাকে। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়। আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। আর ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়। বায়ুদূষণ গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। এটা সব বয়সি মানুষের জন্য ক্ষতিকর। তবে শিশু, অসুস্থ ব্যক্তি, প্রবীণ ও অন্তঃসত্ত্বাদের জন্য বায়ুদূষণ খুবই ক্ষতিকর।
ইউডি/এ

