নারীদের জন্য পৃথক নামাজের স্থান চেয়ে আইনি নোটিশ

নারীদের জন্য পৃথক নামাজের স্থান চেয়ে আইনি নোটিশ

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ । আপডেট ১৭:১৫

নারীদের জন্য নিরাপদ পৃথক নামাজের স্থান রাখা ও নির্মাণ করতে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ঢাকার ইন্দিরা রোডের বাসিন্দা শবনম ভূঁইয়ার পক্ষে বৃহস্পতিবার (৩০ মার্চ) রেজিষ্ট্রার্ড ডাকযোগে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া।

মন্ত্রীপরিষদ সচিব, ধর্ম মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র সচিব, শিক্ষা সচিব, গণপূর্ত সচিব, রেল সচিব, বেসামরিক বিমান ও পর্যটন সচিব, নৌ সচিব, বাণিজ্য সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং দেশের সকল জেলা প্রশাসক বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে সারাদেশের সকল মসজিদ, ঈদগাহ,অফিস,আদালত প্রাঙ্গণ,পাবলিক প্লেস, মার্কেট/বিপণী বিতান, বিমানবন্দর, নদী বন্দর, রেলওয়ে স্টেশন, টুরিস্ট স্পট এন্ড রিসোর্ট, স্কুল,কলেজ,মাদরাসা এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়ে নারীদের জন্য নিরাপদ পৃথক নামাজের স্থান রাখা/নির্মাণের জন্য অনুরোধ করা হয়েছে। নোটিশ প্রাপ্তির ৪০ দিনের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করার কথা বলা হয়েছে।

সংবিধানের ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত ৪১ (১) অনুচ্ছেদে বলা হয়েছে, (১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে (ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে; (খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে।

এ অনুচ্ছেদ উল্লেখ করে নোটিশ পাঠিয়ে ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, সংবিধানের ৪১(১) অনুচ্ছেদে প্রত্যেক নাগরিক তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের এবং এর পরিবেশ নিশ্চিতে নিশ্চয়তা দেয়া হয়েছে। পবিত্র কোরআনে যথাসময়ে নামাজ আদায়ের কথা বলা হয়েছে। কিন্তু উল্লেখিত স্থানসমূহে পরিবেশ ও সুযোগ না থাকায় মুসলিম নারীরা সময়মত নামাজ আদায় করতে পারেন না।

তিনি আরও বলেন, পুরুষদের জন্য নামাজের ব্যবস্থা থাকলেও নারীদের জন্য তা নিশ্চিত নেই। যা সংবিধানের ২৭ অনুচ্ছেদ পরিপন্থী।

ইউডি/এ

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading