দুর্নীতি ও অনিয়ম: জাহাঙ্গীর আলমকে দুদকে তলব
উত্তরদক্ষিণ । বুধবার, ১৭ মে ২০২৩ । আপডেট ১০:৪৫
গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি লেনদেনের অভিযোগে দুদকে তলব করা হয়েছে।
আগামী ২২ মে সকাল ১০টায় জাতীয় পরিচয়পত্র এবং অভিযোগ সংশিষ্ট রেকর্ডসহ দুর্নীতি দমন কমিশনের কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে।
দুদকের উপপরিচালক মো. আলী আকবর ১৫মে এই নোটিশে স্বাক্ষর করেন। কমিশন আইনের ১৯ ও ২০ ধারা মতে ‘অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শ্রবণ ও গ্রহণ’ করার জন্য দেওয়া এই নোটিশে অভিযোগের সংক্ষিপ্ত বিবরণে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্প থেকে অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎসহ ভুয়া বাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের কথা উল্লেখ করা হয়েছে।
নোটিশ থেকে জানা গেছে, অভিযোগ অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য উপপরিচালক মো. আলী আকবরকে টিম লিডার এবং সহকারী পরিচালক মো. আশিকুর রহমানকে সদস্য করে দুই সদস্য বিশিষ্ট টিম গঠন করে অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
নোটিশে আরও বলা হয়েছে, নির্ধারিত সময়ে হাজির হয়ে বক্তব্য দিতে ব্যর্থ হলে অভিযোগ বিষয়ে তার কোনো বক্তব্য নেই বলে গণ্য করা হবে।
ইউডি/এ

