মিরপুরে বিএনপি-ছাত্রলীগ পাল্টাপাল্টি ধাওয়া, বাইকে আগুন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩ । আপডেট ১৪:১০
রাজধানীর মিরপুরে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।
মঙ্গলবার (১৮ জুলাই) মিরপুরের সরকারি বাঙলা কলেজের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার উদ্দেশে জড়ো হয়েছিলেন। তখন তাদের সঙ্গে মিরপুরের সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।
এ সময় পদযাত্রা থেকে বিএনপির কিছু নেতাকর্মী কলেজ গেটে ভাঙচুর করে এবং সেখানে থাকা একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে বিএনপির অভিযোগ, শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলার চেষ্টা করলে বিএনপি নেতাকর্মীদের উল্টো ধাওয়ায় তারা সরে যায়।
জানতে চাইলে দারুস সালাম থানার ওসি আমিনুর রহমান গণমাধ্যমকে বলেন, এখন পরিস্থিতি শান্ত। মূলত দুই পক্ষের উস্কানির কারণে ঘটেছিল৷ পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।
মিরপুর বাঙলা কলেজের সংঘর্ষ নিয়ে প্রশ্ন করা হলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এমন কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। একটি ঢিলের ঘটনা ঘটেছে। তারা (বিএনপি) তাদের নির্দিষ্ট রুট দিয়ে পদযাত্রা করছে।
‘সংঘর্ষের ঘটনায় মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে’- জানতে চাইলে তিনি বলেন, আমরা শুনেছি, এ বিষয়ে আইনি প্রক্রিয়া গ্রহণ করা হবে। এছাড়া অফিসের দিন পদযাত্রা না করলে ভালো হয়, এসব কর্মসূচি থাকলে অনেক জনভোগান্তি হয়।
বিএনপি ঘোষিত কর্মসূচি অনুযায়ী, এক দফা দাবি আদায়ে গাবতলী এলাকা থেকে পদযাত্রা শুরু হয়ে শ্যামলী হয়ে আগারগাঁও, বিজয় সরণি, কারওয়ান বাজার, এফডিসি, মগবাজার, মালিবাগ, কাকরাইল, নয়াপল্টন, ফকিরাপুল, মতিঝিল শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, দয়াগঞ্জ হয়ে রায়সাহেব বাজার মোড়ে গিয়ে শেষ হবে।
ইউডি/কেএস

