ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশ

ফ্রাঙ্কফুর্ট হোম টেক্সটাইল মেলায় বাংলাদেশ

উত্তরদক্ষিণ । শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, আপডেট ১৮:৩০

জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়ে গেল হোম টেক্সটাইল শিল্পের বিশ্বের সর্ববৃহৎ মেলা। এ বছর ৬০টি দেশ থেকে ২ হাজার ৮৩৮টি কোম্পানি হোম টেক্সটাইল শিল্পের সর্ববৃহৎ এ মেলায় অংশ নেয়। টাওয়াল, বেড শিটসহ হোম টেক্সটাইল শিল্পের বিভিন্ন পণ্য বিশ্ব বাজারে ছড়িয়ে দিতে বাংলাদেশের ১৭টি কোম্পানি এ বছর মেলায় অংশগ্রহণ করে।

মেলায় বাংলাদেশ থেকে নোমান টেরি টাওয়েল, যাবের যুবায়ের ফেব্রিক্স, মমটেক্স এক্সপো, শাবাব ফেব্রিক্স, এসিএস টেক্সটাইলস-সহ বেশ কয়েকটি বড় কোম্পানি অংশ নেয়।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় ও জার্মানিতে বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (কমার্শিয়াল) সাইফুল ইসলামের তত্ত্বাবধানেও বাংলাদেশের ছয়টি কোম্পানি মেলায় অংশ নেয়।
মেলায় অংশ নেওয়া ব্যবসায়ী প্রতিনিধিরা জানান, বাংলাদেশে উৎপাদিত বিভিন্ন হোম টেক্সটাইল পণ্য বিশ্ববাজারে ছড়িয়ে দিতে তারা কাজ করছেন।

হোম টেক্সটাইল শিল্পে সরকারের সুদৃষ্টি এবং এ খাতে প্রণোদনার পরিমাণ বৃদ্ধি করলে রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা। বাংলাদেশ থেকে রপ্তানি বৃদ্ধি করে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করছেন বলে জানান মেলায় বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় প্যাভিলিয়ন নিয়ে অংশ নেওয়া নোমান টেরি টাওয়েলের নির্বাহী পরিচালক ইয়াসিন মাহমুদ।

মেলা কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, চার দিনের এ আন্তর্জাতিক মেলায় ১৩০টি দেশের প্রায় ৪৬ হাজার ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেন ও তাদের ব্যবসায়িক চুক্তি সম্পন্ন করেন। পরবর্তী মেলা ২০২৫ সালের ১৪ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এ মেলায় সরাসরি পণ্য বিক্রি হয় না। শুধু পণ্য প্রদর্শন এবং উৎপাদনকারী কোম্পানি ও বাজারজাতকারী কোম্পানি বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি সম্পাদিত হয়। তাই আন্তর্জাতিক বাজারে পণ্য ছড়িয়ে দিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

ইউডি/এআর

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading