১৫ দিনে সড়কে ৩৯৯ দুর্ঘটনা, নিহত ৪০৭ জন: যাত্রী কল্যাণ সমিতি
উত্তরদক্ষিণ । শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, আপডেট ১৬:৩০
এবারের ঈদুল ফিতরের আগে-পরে মিলিয়ে ১৫ দিনে সড়কে ৩৯৯ দুর্ঘটনায় ৪০৭ জনের প্রাণ গেছে, আহত হয়েছেন ১ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ১৯৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৫ জন নিহত ও ২৪০ জন আহত হয়েছেন, যা মোট সড়ক দুর্ঘটনার ৪৯.৬২ শতাংশ, নিহতের ৪০.৫৪ শতাংশ এবং আহতের ৩০.৩৭ শতাংশ। দেশের জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রের তথ্যে এই পরিসংখ্যান তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি।
সংগঠনটির হিসাবে, এবারের ঈদুল ফিতরের ১৫ দিনে সড়ক, রেল ও নৌপথ মিলিয়ে মোট ৪১৯ দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১ হাজার ৪২৪ জন। আলাদাভাবে রেলপথে ১৮ দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ২১ জন আহত হয়েছেন। নৌপথের দুটি দুর্ঘটনায় সাতজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গত বছরের ঈদুল ফিতরের ১৫ দিনে সড়কে ৩০৪টি দুর্ঘটনায় ৩২৮ জনের প্রাণ গিয়েছিল, আহত হয়েছিলেন ৫৬৫ জন। সেই হিসাবে এবারের ঈদে সড়ক দুর্ঘটনা বড়েছে ৩১.২৫%। সেই সঙ্গে প্রাণহানি ২৪.০৮% এবং আহতের সংখ্যা বেড়েছে ১৪৭.৪৩%।
ঈদযাত্রা শুরুর দিন ৪ এপ্রিল থেকে ঈদ শেষে ১৮ এপ্রিল পর্যন্ত ১৫ দিনের দুর্ঘটনা ও হতাহতের হিসাব তুলে ধরেছে যাত্রী কল্যাণ সমিতি। শনিবার (২০ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ অনুয়ায়ী, এবারের ঈদে লম্বা ছুটি থাকায় মানুষের যাতায়াত বেড়েছে। সড়ক-মহাসড়কের উন্নয়নের ফলে যানবাহনে গতি বেড়েছে।
দুর্ঘটনা বিশ্লেষণে যাত্রী কল্যাণ সমিতি দেখেছে, মোট যানবাহনের ৪০.৫০% মোটরসাইকেল, ১৪.২৮% ট্রাক-পিকআপ-কভার্ড ভ্যান-লরি, ৬.৫০% কার-মাইক্রো জিপ, ৫.৯৬% নছিমন-করিমন-ট্রাক্টর-লেগুনা-মাহিন্দ্রা, ৬.১৪% অটোরিক্সা, ১২.১১% ব্যাটারিচালিত রিকশা-ইজিবাইক-ভ্যান-সাইকেল, এবং ১৪.৪৬% বাস দুর্ঘটনায় পড়েছে। এর মধ্যে ২৬.৩১% মুখোমুখি সংঘর্ষ, ৪৭.১১% পথচারীকে চাপা, ২২.৫৫% নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, ০.৫০% ট্রেন-যানবাহনে সংঘর্ষ, ০.৫০% চাকায় ওড়না পেঁচিয়ে এবং ৩% অন্যান্য অজ্ঞাত কারণে দুর্ঘটনা হয়েছে। মোজাম্মেল হক চৌধুরী বলেন, সড়ক, রেল ও নৌপথে উন্নয়নের ফলে যানবাহনের গতি বেড়েছে। তবে গতিকে নিরাপদ করতে আইনি কাঠামো, দক্ষ চালক ও মানসম্মত যানবাহনের অভাব রয়েছে।
ইউডি/এজেএস

