কাবা শরীফের তত্ত্বাবধায়কের মৃত্যু
উত্তরদক্ষিণ । সোমবার, ২৪ জুন, ২০২৪, আপডেট ১৭:৩০
ইসলামের প্রাণকেন্দ্র কাবা শরীফের ৭৭ তম তত্ত্বাবধায়ক ও সাহাবী উসমান ইবনে তালহা (রা.) এর বংশধর শায়খ সালেহ আল-শায়বা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি কাবা শরীফের চাবিরক্ষক ছিলেন।
স্থানীয় সময় গত শুক্রবার (২১ জুন) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর মসজিদুল হারামে শায়খ সালেহ আল-শায়বার জানাজা নামাজ আদায় করা হয়। তাকে দাফন করা হয়েছে আল মুয়াল্লা কবরস্থানে।
মক্কা বিজয়ের দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.) কাবা শরীফের চাবি তুলে দেন হজরত উসমান ইবনে তালহার হাতে। মহানবী (সা.)-এর আদেশ অনুসারে, সেই যুগ থেকেই কাবাঘরের চাবি উসমান ইবনে তালহার বংশধরের কাছে থাকতো।
মুহাম্মদ (সা.) বলে দেন, ‘এখন থেকে এ চাবি তোমার বংশধরের হাতেই থাকবে, কেয়ামত পর্যন্ত। তোমাদের হাত থেকে এ চাবি কেউ নিতে চাইলে সে হবে জালিম।’
তাই তখন থেকেই উসমান ইবনে তালহা (রা.) এর বংশধরেরা পর্যায়ক্রমে চাবি বহন করে আসছেন। তাদের কাছ থেকে চাবি নিয়েই বিভিন্ন সময় সৌদি আরবের বাদশাহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ পবিত্র কাবা ঘরে প্রবেশ করেন। তারাই কাবার দরজা খুলে দেন। তাই তাদের কাবা শরীফের তত্ত্বাবধায়কও বলা হয়ে থাকে। পরবর্তী তত্ত্বাবধায়কও আল শায়বা পরিবার থেকে নির্বাচিত হবেন।
আল-শায়বা ইসলামিক স্টাডিজে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এবং ধর্ম ও ইতিহাসের ওপর একাধিক বই লিখেছেন। মক্কা বিজয়ের পর থেকে তিনি ছিলেন কাবার ৭৭ তম চাবি রক্ষক।
তার দায়িত্বের মধ্যে ছিল কাবা শরীফ খোলা, বন্ধ করা, পরিষ্কার করা, ধৌত করা, এর কিসওয়া (ঢাকনা) মেরামত করা এবং দর্শনার্থীদের স্বাগত জানানো। ২০১৩ সালে তাঁর চাচা আব্দুল কাদের তাহা আল-শায়বির মৃত্যুর পর তিনি তত্ত্বাবধায়কের দায়িত্ব নেন।
তাঁর ছেলে আব্দুল রহমান সালেহ আল-শাইবি আরব নিউজকে বলেছেন, বাবাকে বিদায় জানানো তাঁর জন্য অনেক কঠিন এবং দুঃখজনক।
ইউডি/এআর

