ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ
উত্তরদক্ষিণ । সোমবার, ১৫ জুলাই, ২০২৪, আপডেট ০২:২৫
কোটা সংস্কার আন্দোলনকারীদের অবমাননা করা হয়েছে- এমন দাবিতে মধ্যরাতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রোববার (১৪ জুলাই) রাত সোয়া ১২টায় বিক্ষোভকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ভেঙে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন।
এ সময় শিক্ষার্থীরা- ‘তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার’- ইত্যাদি স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এর আগে রোববার রাত ১১টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন হল থেকে ছোট ছোট মিছিল নিয়ে বের হতে থাকেন। পরে তারা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে একত্রিত হন। এরপর শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের দিকে আগাতে থাকেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ থাকায়, শিক্ষার্থীরা তা ভেঙে রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নেন এবং মহাসড়ক অবরোধ করে রাখেন।
ইউডি/ এসআই

