নতুন করে শেখ হাসিনার নামে আরো ৭ মামলা
উত্তরদক্ষিণ। সোমবার, ২৬ আগস্ট, ২০২৪, আপডেট ১১:৩০
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঢাকাসহ সারা দেশে আরো বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। ছাত্র-জনতার সরকার পতনের আন্দোলনে মৃত্যুর ঘটনায় দেশের বিভিন্ন জেলায় সাবেক মন্ত্রী-এমপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধেও অতি সম্প্রতি বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ৪টি মামলা, ২টি নারায়ণগঞ্জ, ১টি রংপুরে দায়ের হয়েছে।
এর মধ্যে বিডিআর বিদ্রোহের মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও বিডিআর প্রধান (পরবর্তীকালে সেনাপ্রধান) জেনারেল আজিজ আহমেদসহ ১৩ জনের নামে মামলার আবেদন করা হয়েছে।
আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ রবিবার (২৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আক্তারুজ্জামানের আদালতে এই আবেদন করেন।
মামলার আবেদনে আসামির তালিকায় আছেন— সাবেক কারা মহাপরিদর্শক আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নুর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তৎকালীন জেল সুপার, চিকিৎসক রফিকুল ইসলাম ও আইনজীবী মোশারফ হোসেন কাজল।
রাজধানীর মোহাম্মদপুর সরকারি মডেল কলেজের শিক্ষার্থী মাহমুদুর রহমান সৈকত হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন নিহতের বাবা মো. মাহাবুবের রহমান।
রবিবার (২৫ আগস্ট) রাতে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন তিনি।
রামপুরা টিভি সেন্টারের সামনে অটোচালক বাবু মোল্লাকে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়।
ইউডি/কেএস

