ঢাকায়ও সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে হবে: ফয়জুল করীম
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর), ২০২৪, আপডেট ২৩:৫৫
সারা দেশের মতো রাজধানী ঢাকা শহরেও সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দিতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশে সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় দলটির সিদ্ধিরগঞ্জ থানা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এ দাবি জানান।
মুফতি ফয়জুল করীম বলেন, রাজধানীতে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া না হলে সন্ত্রাস, চাঁদাবাজি কোনভাবেই দমন করা যাবে না। তাই সারা দেশের মতো রাজধানীতেও সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদানসহ সরকারকে কঠোর অবস্থানে থেকে দেশ পরিচালনার আহ্বান জানাই।
দেশের সংবিধান সংস্কার ও রাষ্ট্র সংস্কারের প্রতিটি ক্ষেত্রে সব কমিটিতে আলেম সমাজের প্রতিনিধি রাখার দাবিও জানান মুফতি ফয়জুল করীম।
ফয়জুল করীম বলেন, আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতে সংখ্যানুপাতিক হারে সম্পন্ন করার পরামর্শ দিচ্ছি। এ পদ্ধতিতে নির্বাচন হলে ভোটাররা কোনো ব্যক্তিকে নয়, প্রতীকে ভোট দেবেন। ভোটের ফলাফলে আনুপাতিক হারে যে প্রতীকে ভোট বেশি পড়বে সেই প্রতীকের দল তাদের যোগ্য ব্যক্তিদের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করবেন।
ইউডি/এবি

