শুঁটকি মৌসুম শুরু, দুবলায় এবার রাজস্ব আয়ের লক্ষ্য ৭ কোটি

শুঁটকি মৌসুম শুরু, দুবলায় এবার রাজস্ব আয়ের লক্ষ্য ৭ কোটি

উত্তরদক্ষিণ। সোমবার, ০৪ নভেম্বর , ২০২৪, আপডেট ১০:২০

সাড়ে ৭ কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নিয়ে পূর্ব সন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীতে আজ সোমবার (৪ নভেম্বর) থেকে শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ সামুদ্রিক মাছের শুঁটকি উৎপাদন মৌসুম। সাগরতীর দুবলার বিশেষ টহল ফাঁড়ির অধীন চারটি চরে ৩১ মার্চ পর্যন্ত চলবে পাঁচ মাসের এই মহা কর্মযজ্ঞ শুঁটকি উৎপাদন।

গতকাল রবিবার (৩ নভেম্বর) থেকে বনবিভাগের অনুমতিপত্র (পাস) নিয়ে জেলে-বহদ্দাররা যাত্রা শুরু করেছেন নির্ধারিত চরে। তবে, এই প্রথমবার এবছর শুঁটকি প্রক্রিয়ায় নিয়োজিত জেলেদেরক আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বনবিভাগ।

বনবিভাগ জানিয়েছে, চরে অবস্থানকারীদের সঠিক পরিচয় নিশ্চিত হওয়া, শিশু শ্রম বন্ধসহ বনের অভ্যন্তরে যাতে কেউ অপরাধ করে পার না পায় সেকারণেই এবছর আইডি কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। মৌসুমের প্রথম সপ্তাহ থেকেই আইডি কার্ড প্রদান শুরু করা হবে। এই আইডি কার্ডে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি ও সংশ্লিষ্ট বন কর্মকর্তার যৌথ স্বাক্ষর থাকবে। আইডি কার্ড না থাকায় বিগত বছরে জেলেদের কোনো নিয়ন্ত্রণ ছিলো না। যে যার মতো কাজ ও চলাচল করেছে। কে শিশু আর কে বয়স্ক তাও বোঝা যায়নি। অপরাধ করেও পার পেয়ে গেছে। এখন কার্ডের মাধ্যমে সবকিছু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

বনবিভাগ জানায়, শুঁটকি উৎপাদনকারী চরগুলোতে এ বছর জেলেদের থাকা ও শুঁটকি সংরক্ষণের জন্য ৯৮৫টি ঘর, ৫৭টি ডিপো ও ৯৩টি দোকান ঘর স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। গত মৌসুমের চেয়ে এবার কিছুটা কমিয়ে আনা হয়েছে এই সংখ্যা। শুঁটকি উৎপাদনের লাইসেন্সধারী ১৭ জন বহদ্দার বা মহাজনের অধীনে দুবলার আলোরকোল, মাঝের কিল্লা, নারকেলবাড়িয়া ও শ্যালারা চরসহ চারটি চরে অন্তত ১০ হাজারেরও বেশি জেলে ও শ্রমিক অবস্থান করবে। তারা পাঁচ মাস ধরে সাগরে মৎস্য আহরণ ও শুঁটকি প্রক্রিয়াকরণে নিয়োজিত থাকবে এই চরগুলোতে।

এদিকে, দুবলা ফিশারমেন গ্রুপ ও একাধিক মহাজন সূত্রে জানা গেছে, নানা সংকট ও ঝুঁকি নিয়ে বঙ্গোপসাগরের তীরের দুর্গম এই চরগুলোতে শুঁটকি উৎপাদন করতে হয় জেলেদের। এর মধ্যে অন্যতম হচ্ছে নিরাপদ খাবার পানি সংকট এবং হাজার হাজার জেলের জন্য সরকারিভাবে চিকিৎসাসেবার কোনো ব্যবস্থা না থাকা। ফলে পানিবাহিত নানা রোগ ও বিভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে যথাযথ চিকিৎসার অভাবে প্রতিবছর বহু জেলে ও শ্রমিকের মৃত্যু হয়। এছাড়া, সাগরতীরের এই চরগুলোতে পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র না থাকায় প্রতিবছর ঝড়-জলোচ্ছাসেও মৃত্যু হয় অনেকের।

দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, ইতিমধ্যে জেলে মহানজনরা সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ববিভাগের অনুমতি নিয়ে তিন তারিখ (রবিবার) থেকে তারা চরে যাওয়া শুরু করবে। বনবিভাগ এ বছর জেলেদের আইডি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে ১০ কার্ড ছাপানো হয়েছে। কার্ডে সংশ্লিষ্ট বন কর্মকর্তা ও ফিশারমেন গ্রুপের সভাপতির যৌথ স্বাক্ষর থাকবে। কার্ড দেওয়ায় কি কি সুবিধা হবে জানতে চাইলে ফিশারমেন গ্রুপের সভাপতি কামাল আহমেদ বলেন, সবচেয়ে যে সুবিধা হবে সেটা হলো, জেলেদের সঠিক পরিচয়টা জানা যাবে। কোনো জেলে ছুটি নিয়ে যখন তার বাড়িতে যায়, তখন তাদের পথে পথে বিভিন্ন হয়রানির শিকার হতে হয়। তাদের কাছে বনবিভাগের এই আইডি কার্ড থাকলে এই হয়রানি থেকে মুক্তি পাবে।

পূর্ব বনবিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান বলেন, শুঁটকি খাত থেকে এ মৌসুমে সাড়ে সাত কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেখানে গত বছর আয় হয়েছিল সাত কোটি ২৩ লাখ টাকা। আবহাওয়া অনুকূলে থাকলে তা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। সোমবার (৪ নভেম্বর) থেকেই চরে ঘর তোলা এবং একই সঙ্গে সাগরে মৎস্য আহরণ শুরু করবে জেলেরা। ঘর তোলার যাবতীয় মালামাল মহানজন- বহদ্দাররা তাদের নিজননিজ এলাকা থেকে নিয়ে আসবেন। বনের কোনো সম্পদ ব্যবহার করতে পারবেন না।

আইডি কার্ডের বিষয়ে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, আইডি কার্ড থাকলে জেলেদের সঠিক সংখ্যার পাশাপাশি কোন মহাজনের জেলে তা জানা সহজ হবে। এই আইডি কার্ডে প্রত্যেক জেলের ছবি, জাতীয় পরিচয় পত্রের তথ্য, মহাজন-বহদ্দারের নাম এবং ঘরের নম্বর সংযুক্ত থাকবে। ফলে, কোনো জেলে বন বা অন্য কোনো অপরাধে জড়িত হলে অথবা কোনো কারণে মৃত্যু হলে আইডি কার্ডের মাধ্যমে সেই জেলেকে শনাক্ত করা যাবে। বনবিভাগ ও ফিশারমেন গ্রুপের মাধ্যমে চরে বসেই প্রত্যেক জেলের ছবি তোলার ব্যবস্থা করা হবে। কার্ডের মাধ্যমে অপরাধ প্রবনতা এবং শিশু শ্রমও কমে আসবে।

জেলেরা বলছেন চড়া সুদে টাকা নিচ্ছেন সুদের কারবারিদের কাছ থেকে। কেউবা টাকা গ্রহণে এনজিও, বিভিন্ন ব্যাংক ও সমিতি থেকে ঋণ করছেন। ঋণ, সুদের বোঝার সঙ্গে এমন দুশ্চিন্তা মাথায় নিয়েই ৫ মাসের এক অনিশ্চিত জীবন শুরু করতে চলছেন তারা।

বহদ্দার শুভংকর হালদার বলেন, প্রতি বছর আমরা বিভিন্নভাবে ঋণ করে সমুদ্রে যাই। এ বছরও পাঁচ লাখ টাকা ঋণ করেই সাগরে যাচ্ছি। সরকারিভাবে আমরা তেমন কোনো সাহায্য সহযোগীতা পাই না। সুন্দরবনে জলদস্যু-বনদস্যুর উৎপাত ও মুক্তিপণ আদায়সহ অসাধু বনরক্ষীদের দৌরাত্ম্য দীর্ঘ দিন বন্ধ ছিল এখন আছে কিনা তা জানি না। তবে শুনেছি জলদস্যু-বনদস্যুর উৎপাত নাকি আবার বেড়েছে।

জেলে সমর হালদার বলেন, বনবিভাগের পাস নিয়েই আমরা রওনা হই সাগর পাড়ের দুবলার চরে। ধার দেনা করেই আমাদের যেতে হয় সাগরে। তবে অনেকে এবার সুদে টাকা দিতে রাজি না হওয়ায় স্বর্ণের জিনিস বন্ধক রেখে টাকা আনতে হচ্ছে। দীর্ঘদিন সাগরে দস্যুদের উৎপাত না থাকলেও এবার নাকি দস্যুদের দেখা যাচ্ছে। ঝড়-জলোচ্ছাসের প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি মাথায় নিয়েই দুবলায় যাত্রা শুরু করি আমরা হাজার হাজার জেলে।

জাতীয় মৎস্যজীবী সমিতির মোংলা শাখার সভাপতি বিদ্যুৎ মন্ডল বলেন, পাস পারমিট হাতে পাওয়ার পর আজ রোববার সন্ধ্যায় পর সকল জেলেরা সমুদ্র দুবলার চরের উদ্দেশে রওনা হবেন। জেলেরা এখান থেকে সব ধরনের সরঞ্জাম নিয়েই যাবেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিম বলেন, বনবিভাগের কাছ থেকে পাস (অনুমতিপত্র) নিয়ে নিজ নিজ এলাকা থেকে রওনা হয়ে জেলেদেরকে সরাসরি যেতে হবে দুবলার চরে। চরে ঘর বাড়ি বা দোকান পাট তৈরি করার জন্য সুন্দরবনের কোনো গাছ কাঠতে পারবে না।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading