হাসিনাকে ফেরাতে চিঠি, যা জানালো ইন্ডিয়া
উত্তরদক্ষিণ। সোমবার (২৩ ডিসেম্বর), ২০২৪, আপডেট ২২:২০
ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্ডিয়াকে চিঠি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৩ ডিসেম্বর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই তথ্য নিশ্চিত করেছেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়ান সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।
এতে বলা হয়েছে, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যার্পণের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে ইন্ডিয়া।
দিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সওয়াল বলেন, আমি নিশ্চিত করছি যে, আমরা আজ বাংলাদেশ হাইকমিশনের কাছ থেকে প্রত্যার্পণের অনুরোধের একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এই মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।
এদিন দুপুরে শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্ডিয়াকে চিঠি দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
এর আগে সকালে পিলখানায় বিজিবি দিবস উপলক্ষে পদক দেয়া অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছিলেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে এক্সট্রাডিশন করার জন্য।
ইউডি/এবি

