রাঙ্গামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান
উত্তরদক্ষিণ। শুক্রবার, ০৭ মার্চ, ২০২৫, আপডেট ২০:০০
রাঙ্গামাটিতে ইউপিডিএফের গোপন আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে গোলাবারুদসহ সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ মার্চ) ভোরে জেলার কাউখালী উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি জেলার কাউখালি এলাকায় ইউপিডিএফের (মূল) শীর্ষ স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী।
অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে উক্ত আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত ১৭ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, একটি ওয়াকি-টকি সেট, একটি হার্ডডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রশিদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, অভিযান চলাকালে ইউপিডিএফ (মূল) তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড়ি নারীদের দিয়ে বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানে বাধা দেয়ার অপচেষ্টা করে। উদ্ধারকৃত গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ ধরনের উসকানিমূলক পরিস্থিতিতেও সেনাবাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কিছুদিন আগেই কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের বিবিধ চালান পাশের দেশ থেকে সেই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়, যা পরবর্তীতে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। পাহাড়ের শান্তি বিনষ্টকারী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি প্রদানকারী সব সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনা অভিযান চলমান থাকবে বলে জানানো হয়েছে।
ইউডি/এআর

