মির্জা আজমের অনুসারীদের বিএনপিতে যোগদান, প্রতিবাদে মানববন্ধন
উত্তরদক্ষিণ। রবিবার (০৯ মার্চ), ২০২৫, আপডেট ২৩:২৫
শেখ হাসিনা সরকারের পতনের পর তার দোসর সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজমের নির্বাচনী এলাকায় তার অনুসারীরা বিএনপিতে যোগদান করেছেন।
এসব আওয়ামী লীগ নেতা বিএনপির নেতাদের সঙ্গে জড়িয়ে পড়ার কারণে ১৬ বছরে মির্জা আজমের নির্যাতন, হামলা মামলার শিকার নির্যাতিত ত্যাগী বিএনপির কর্মীরা কোণঠাসা হয়ে পড়ছেন। এমন অভিযোগ এনে রবিবার (০৯ মার্চ) বিকেলে মাদারগঞ্জে মানববন্ধন করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
উপজেলার থানা মোড় এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন, চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য শফিউল ইসলাম স্বপন, মাদারগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন ও পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক জাহিদুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত ১৬ বছরে শেখ হাসিনার দোসর মির্জা আজম তার নির্বাচনী এলাকা মেলান্দহ-মাদারগঞ্জে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হামলা লুটপাট করে এলাকা ছাড়া করেছিল। তখন অনেক নেতাই মির্জা আজমের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করেছিল।
তাদের অভিযোগ, উপজেলার চরপাকেরদহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ মোহাম্মদ মজনু ফকিরের নেতৃত্বে কিছু নেতা স্বৈরাচার মির্জা আজমের দোসররা বিএনপিতে যোগদান করছে। এছাড়া তৃণমূলের নেতারা বিভিন্ন জায়গায় তারদের কারণে বঞ্চিত হচ্ছে। তাই যারা আওয়ামী লীগের দোসরদের জায়গা করে দিচ্ছে।
মানববন্ধনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে দাবি করেন, যারা মাদারগঞ্জের বিএনপির রাজনীতিকে বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হোক।
ইউডি/এবি

