৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

উত্তরদক্ষিণ। শুক্রবার, ২১ মার্চ, ২০২৫, আপডেট ১৯:২০

৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সাধারণ এবং কারিগরি-পেশাগত উভয় ক্যাডারের পদসমূহের প্রার্থীদের মধ্যে ৭২০ জন প্রার্থীর মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের সই করা এ সূচি প্রকাশ করা হয়। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৯ এপ্রিল সকাল ১০টায় আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে শুরু হওয়া এ পরীক্ষা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। নিয়োগ বিজ্ঞপ্তির ১৬ নম্বর অনুচ্ছেদের শর্তানুযায়ী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য নির্ধারিত অনলাইন ফরম কমিশনের ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।

পিএসসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিশনের ওয়েবসাইট থেকে সংগৃহীত অনলাইন ফরম প্রয়োজনীয় কাগজপত্রসহ মৌখিক পরীক্ষার দিন সংশ্লিষ্ট মৌখিক পরীক্ষার বোর্ডে ৩০ মিনিট আগে জমা দিতে হবে।

এর আগে, ২০২১ সালের ৩০ নভেম্বর ৪৪তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পরে ২০২২ সালের ২৭ মে দেশের আটটি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা হয়।

এতে ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন প্রার্থী আবেদন করলেও পরীক্ষায় দিয়েছিলেন ২ লাখ ৭৬ হাজার ৭৬০ জন। অনুপস্থিত ছিলেন ২১ শতাংশ প্রার্থী।

৪৪তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৫ হাজার ৭০৮ জন। এরপর ২০২৪ সালের ৩ এপ্রিল ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১১ হাজার ৭৩২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

ইউডি/সিফাত

Taanjin

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading