ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ: কোচ বললেন, অতীতের চেয়ে এবার বেশি শক্তিশালী বাংলাদেশ

ইন্ডিয়ার বিপক্ষে ম্যাচ: কোচ বললেন, অতীতের চেয়ে এবার বেশি শক্তিশালী বাংলাদেশ

উত্তরদক্ষিণ। সোমবার, ২৪ মার্চ ২০২৫, আপডেট ১৬:৪৮

শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার (২৫ মার্চ) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদশ-ইন্ডিয়া। সোমবার (২৪ মার্চ) সংবাদ সম্মেলনে প্রত্যয়ী এক কোচ হিসেবে গণমাধ্যমের সামনে এলেন বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা! আত্মবিশ্বাসী উচ্চারণে বলতে থাকলেন ইন্ডিয়া ম্যাচ নিয়ে তার লক্ষ্য।

দৃঢ় কণ্ঠে বাংলাদেশ কোচ বলে দিলেন, আমরা মানসিকভাবেও ভীষণ শক্তিশালী অনুভব করছি। দলীয়ভাবেও একই অনুভূতি কাবরেরার। জামাল ভূইয়া, কাজী তারিক রায়হানরা আগে থেকেই ছিলেন, ইংলিশ ফুটবলে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ হামজা চৌধুরী যোগ হয়েছেন। মিতুল মারমা, শেখ মোরসালিনদের মতো স্থানীয়রা নিজেদের মানের উন্নতি ঘটিয়েছে। সব মিলিয়ে কাবরেরার মনে হচ্ছে, অতীতের যে কোনো সময়ের চেয়ে আরও শক্তিশালী হয়ে, আরও প্রস্তুত হয়ে শিলংয়ে এসেছে তার দল।

তিনি বলেন, আবারও বলছি, আমি আসলেই অনুভব করছি, আগামীকালের জন্য আমরা প্রস্তুত। নিশ্চিতভাবে ইন্ডিয়ার সিনিয়র দলের বিপক্ষে আমার কোচ হিসেবে খেলার প্রথম অভিজ্ঞতা হবে। আমরা জানি, ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের পরিসংখ্যান ভালো নয়। ২০০৩ সালের পর বাংলাদেশ তাদেরকে হারাতে পারেনি। কিন্তু আবারও বলছি, আমরা খুবই আত্মবিশ্বাসী এবং অতীতের চেয়ে এবার বেশি শক্তিশালী। তা কেবল পারফরম্যান্সের দিক থেকে নয়, মানসিকভাবেও। আমরা মানসিকভাবেও ভীষণ শক্তিশালী অনুভব করছি।

ইন্ডিয়া-বাংলাদেশ ম্যাচের ভেতরে অন্য এক লড়াই চলবে হামজা চৌধুরী ও সুনিল ছেত্রির। দুজন দুই দলের সবচেয়ে বড় তারকা। এ নিয়ে রোমাঞ্চিত কাবরেরা। তিনি বলেন, আমি মনে করি, হামজার আসা এবং সুনিলের ফেরা আরও রোমাঞ্চকর বিষয়। এটা খুব, খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে যাচ্ছে। তবে নিশ্চিতভাবেই এটা কেবল ওই দুজনের ম্যাচ নয়, আমরা যদি আগামীকাল জিতি, সেটা কেবল হামজার জন্য নয়। হামজা নিশ্চিতভাবে আমাদেরকে আরও ভালো দলে রূপ দিয়েছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, আমি মনে করি, সুনিলের ফেরাও ইন্ডিয়াকে আরও ভালো দল করেছে। কিন্তু আগামীকাল যারা জিতবে, একটা দল জিতবে। ভারতের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা আছে, নিজেদের প্রতিও অনেক শ্রদ্ধা আছে আমাদের।

ইউডি/এজেএস

Asadujjaman

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading