সিঙ্গাপুরের নাভিশ্বাস তুলেও হেরে গেলো বাংলাদেশ
উত্তরদক্ষিণ। মঙ্গলবার (১০ জুন), ২০২৫, আপডেট, ২৩:০০
হেরে গিয়েও দর্শকদের মন জিতে নিলো বাংলাদেশ। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে বাংলাদেশের লাগাতার আক্রমণ ঠেকাতে রীতিমতো নাভিশ্বাস উঠে যায় র্যাংকিংয়ে ২২ ধাপ উপরের দল সিঙ্গাপুরের। তবে শেষ হাসিটা হাসল সফরকারী সিঙ্গাপুর। ২-১ গোলে হেরে এশিয়ান কাপের বাছাইপর্বের সমীকরণটাও কঠিন হয়ে গেলো বাংলাদেশের জন্য।
দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ফুটবল ফিরেছে। ঘরের মাঠে ফুটবল ফেরার ম্যাচে অবশ্য গত ৪ জুন ভুটানকে হারিয়েছে বাংলাদেশ। তবে গড়বড় করে ফেললেন সিঙ্গাপুরের বিপক্ষে। জাতীয় স্টেডিয়ামে যে ম্যাচটি নিয়ে ছিলো চরম উত্তেজনা, সেই ম্যাচটাই হেরে গেলো স্বাগতিকরা।
ম্যাচের আগে বাংলাদেশের হামজা-সমিত-ফাহামেদুলরা যেমন আলোচনায় ছিলেন, ঠিক তেমনি স্বাগতিকদের জন্য ভয়ের কারণ ছিলেন সিঙ্গাপুরের ইখসান ফান্দি। দ্বিতীয়ার্ধের শুরুতে সেই ফান্দি-ই দলের হয়ে দ্বিতীয় গোলটি করলেন।
আজকের এ ম্যাচ নিয়ে দর্শকদের মাঝে উন্মাদনা ছিলো অনেক আগে থেকেই। কেননা, ম্যাচটা বাংলাদেশের জন্য বিশেষ কিছুই বটে। কানাডা প্রবাসী সমিত সোমের অভিষেক হয়েছে এই ম্যাচে। অন্যদিকে হামজা চৌধুরী, ফাহামেদুল ইসলামের মতো খেলোয়াড় দলের সঙ্গে যুক্ত হওয়ায় রাতারাতি পাল্টে গেছে বাংলাদেশ দল।
ইউডি/এবি

