পালিয়ে থাকা নেতারা রামপালে ঘের দখলের রাজনীতি করছে: আখতার হোসেন
উত্তরদক্ষিণ। শনিবার (১২ জুলাই), ২০২৫, আপডেট, ২১:২০
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে। রামপালে এখন ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতা ঘেরের দখল নিতে চায়।
শনিবার (১২ জুলাই) জাতীয় নাগরিক পার্টির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে ১২তম দিনে বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।
আখতার আরও বলেন, বাংলাদেশে যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায় বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাদেরও বিদায় করবে। রামপালে কয়লা বিদ্যুতের নামে মানুষদের জলবায়ু সংকটে ফেলা হয়েছে। মোংলা বন্দর নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। সামনের বাংলাদেশ এ যেন কোনো গুম খুন না হয় সে জন্য সবক্ষেত্রে সংস্কার দরকার।
তিনি বলেন, একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে। হাসিনাও তাই মনে করত। প্রতিষ্ঠানগুলোতে সংস্কার করা না হয়, পুলিশকে যদি নিরপেক্ষ না করা যায় শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব নয়। সংস্কার করে তারপরেই নির্বাচন দিতে হবে।
এছাড়া কর্মসূচিতে এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, এসি রুমে বসে তারা বলে বাংলাদেশের মানুষ সংস্কার বুঝে না, আমরা তাদের হুঁশিয়ারি দিতে চাই। আমরা রাজপথে নেমেছি। লড়াই শুরু হয়ে গেছে। আমাদের নতুন খেলা খেলতে হবে।
তিনি বলেন, পুরাতন বন্দোবস্তের সাথে আমরা নেই। যারা পুরাতন বন্দোবস্ত, চাঁদাবাজি, লুটপাটে ফিরতে চায় তাদের আপনারা লাল কার্ড দেখাবেন।
ইউডি/এবি

