ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা জানা যাবে সোমবার: ইসি সচিব

ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা জানা যাবে সোমবার: ইসি সচিব

উত্তরদক্ষিণ। রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, আপডেট ২০:৩০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকাসোমবার (২৭ অক্টোবর) প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চলতি সপ্তাহের মধ্যে শেষ করা হবে।

রবিবার (২৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমনওয়েলথের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

ইসির ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, গত ২০ অক্টোবরের মধ্যে ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করার কথা ছিল। ছয় দিন পেরোলেও কেন তা প্রকাশ করা হয়নি জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে। কিছু সংশোধনের প্রস্তাব এসেছিল সেটাও করা হয়েছে। কাল (সোমবার) সকালে ব্রিফ করে দেবো।’

নতুন রাজনৈতিক দলের নিবন্ধন কবে শেষ হবে জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘দল নিবন্ধনের বিষয়ে অগ্রগতি নিয়ে মাঠ পর্যায় থেকে কিছু বাড়তি তথ্য আসেছে। এটা পর্যালোচনা চলছে। এ সপ্তাহের ভেতরে করে দেবো। কারণ, আমাদেরও একটা দায় আছে। আমাদের দিক থেকে তাগিদ আছে।’

জাতীয় নাগরিক পার্টির প্রতীক বরাদ্দের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়েছে কিনা জানতে চাইলে আখতার আহমেদ সরাসরি কোনও জবাব দেননি। তিনি বলেন, ‘প্রতীকের বিষয়টি আমরা পরে জানাবো।’

ইসি ঘোষিত রোডম্যাপ অনুযায়ী অগ্রগতি কতদূর জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘সবকিছু ১০০ শতাংশ করা সম্ভব নয়। পরিস্থিতির প্রেক্ষাপটে কিছু জায়গায় অ্যাডজাস্টমেন্ট, কিছু বিষয় আগেই কমপ্লিট করেছি, কিছু বিষয়ে অপেক্ষা করতে হয়েছে এবং কিছু কিছু বিষয়ে আরেকটু হয়তো অপেক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘সবকিছুই নিক্তিতে মেপে সময় অনুযায়ী, দিনক্ষণ-তারিখ অনুযায়ী করা সম্ভব নয়। এই অ্যাডজাস্টমেন্ট আমাদের রাখতে হবে। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনও কারণ বা পরিস্থিতি আমার মনে হয় না হয়েছে।’

শনিবার (২৫ অক্টোবর) রাতে নির্বাচন কমিশন প্রাঙ্গণে নির্বাচন ভবনের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইসি মামলা করবে কিনা জানতে চাইলে আখতার আহমেদ বলেন, পুলিশ অভিযুক্তকে আটক করেছে। এটা বাইরে ফেটেছে। ইসিকে যদি মামলা করতে হয়, করবো।’

কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা নির্বাচনি প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছেন। এছাড়া প্রবাসীদের ভোটার নিবন্ধন, প্রযুক্তির অপব্যবহারি, নির্বাচনকালীন সমযে নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।’

ইউডি/এআর

ashiqurrahman7863

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading