আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য মাছ রফতানি বন্ধ
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, আপডেট ১৩:৫০
মৎস্য বিভাগের সনদ জটিলতার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য ভারতে মাছ রফতানি বন্ধ হয়ে গেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল থেকে মাছ রফতানি করতে পারছেন না ব্যবসায়ীরা।
জটিলতা না কাটলে প্রতিদিন অন্তত দেড় কোটি টাকার রফতানি আয় কমবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০-৭০ টন হিমায়িত মাছ রফতানি হয় ভারতে। প্রতি কেজি ২.৫ মার্কিন ডলারে রুই, কাতল, পাঙাশ, তেলাপিয়া ও পাবদাসহ দেশীয় নানা প্রজাতির মাছ রফতানি হয়। এছাড়া মাছ ও শুঁটকি রফতানির ক্ষেত্রে সনদ দেয় মৎস্য বিভগ।
তবে এত দিন সেই সনদ ম্যানুয়ালি দিলেও গত ১৩ নভেম্বর সনদটি অনলাইন করার নির্দেশনা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তবে মৎস্য অধিদপ্তর এটি না করায় বৃহস্পতিবার থেকে বিল অব এন্ট্রি করতে পারছেন না রফতানিকারকরা। এর ফলে বন্ধ রয়েছে মাছ রফতানি কার্যক্রম।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা জাকির হোসেন বলেন, এনবিআরের নির্দেশনার বিষয়টি আমাদের জানা ছিল না। গতকালই আমরা জানতে পেরেছি। আজকে মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রুত বিষয়টির সমাধান করা হবে।
ইউডি/কেএস

