আদালতের নিরাপত্তা জোরদারে আইজিপিকে চিঠি

আদালতের নিরাপত্তা জোরদারে আইজিপিকে চিঠি

উত্তরদক্ষিণ। সোমবার (১৫ ডিসেম্বর) ২০২৫, আপডেট ২১:৫০

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন নিরাপত্তাজনিত ঝুঁকির প্রেক্ষাপটে আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদারে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট সচিবালয়।

রবিবার (১৪ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সচিবালয়ের সিনিয়র সচিব মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী এই চিঠি পাঠান।

‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশের অধস্তন আদালতসমূহে নিরাপত্তা জোরদারকরণ ও প্রয়োজনীয় নিরাপত্তা বিধান গ্রহণ প্রসঙ্গে’ শীর্ষক ওই চিঠিতে বলা হয়, বিচার বিভাগ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। অধস্তন আদালতসমূহে প্রতিদিন বিপুল সংখ্যক বিচারপ্রার্থী, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ জনগণের উপস্থিতিতে বিচারকার্য পরিচালিত হয়ে থাকে। বর্তমান পরিস্থিতিতে এসব আদালত প্রাঙ্গণে নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের এজলাস কক্ষে আইনজীবী ব্যতীত বিচারপ্রার্থী ও অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ সীমিত করা হয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনও ধরনের সমাবেশ, মিছিল, বৈধ ও অবৈধ অস্ত্র, মারণাস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এই প্রেক্ষাপটে চিঠিতে দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অধস্তন আদালত প্রাঙ্গণ ও এজলাস কক্ষে প্রবেশ নিয়ন্ত্রণ; বিচারপ্রার্থী ও দর্শনার্থীদের গতিবিধি তদারকি; আদালত এলাকায় যেকোনও ধরনের সমাবেশ, মিছিল ও নিষিদ্ধ সামগ্রী বহন রোধ; বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের সরকারি ও ব্যক্তিগত বাসভবনের নিরাপত্তা জোরদার; পর্যাপ্ত পুলিশ মোতায়েন ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর মতো প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আদালতসমূহে বিচারকার্য যেন নির্বিঘ্ন, নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হতে পারে—সে লক্ষ্যে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ ইউনিটগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে আইজিপিকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

ইউডি/এবি

badhan

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading